৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, মে ২৪, ২০২২
সাধারণ যানবাহন চলাচলের জন্য আগামী ২৫ জুন উন্মুক্ত হতে যাচ্ছে পদ্মা সেতুর দ্বার। ওই দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন করবেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (২৪ মে) পদ্মা সেতু উদ্বোধন এবং নামকরণের সারসংক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার পর গণভবন গেটে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এ সময় বহুল কাঙ্ক্ষিত সেতুটির নামকরণ সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী বলেছেন- পদ্মা সেতু কারও নামে হবে না। এটি নদীর নামেই থাকবে।
বিশ্লেষকদের মতে, সরকারের পক্ষ থেকে এরই মধ্যে পদ্মা সেতু পারাপারে টোল নির্ধারণ করা হয়েছে।
গত ১৭ মে সেতু বিভাগের উপ সচিব আবুল হাসানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়- মোটরসাইকেলের জন্য টোলের হার ১০০ টাকা; কার, জিপ ৭৫০ টাকা; পিকআপ ভ্যান এক হাজার ২০০ টাকা; মাইক্রোবাস এক হাজার ৩০০ টাকা; ছোট বাস (৩১ আসন বা তার কম) এক হাজার ৪০০ টাকা; মাঝারি বাস (৩২ আসন বা তার বেশি) দুই হাজার টাকা; বড় বাস (৩ এক্সেল) দুই হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ছোট ট্রাকের জন্য (৫ টন পর্যন্ত) এক হাজার ৬০০ টাকা; মাঝারি ট্রাক (৫ থেকে ৮ টন পর্যন্ত) দুই হাজার ১০০ টাকা; মাঝারি ট্রাক (৮ থেকে ১১ টন পর্যন্ত) দুই হাজার ৮০০ টাকা; বড় ট্রাক (৩ এক্সেল পর্যন্ত) পাঁচ হাজার ৫০০ টাকা; ট্রেইলার (৪ এক্সেল পর্যন্ত) ছয় হাজার টাকা এবং ট্রেইলার (৪ এক্সেলের অধিক) ছয় হাজার টাকার সঙ্গে প্রতি এক্সেলের জন্য এক হাজার ৫০০ টাকা যুক্ত হবে।
উল্লেখ্য, প্রজ্ঞাপনে টোলের এ হার পদ্মা সেতুতে যানবাহন চলাচলের দিন থেকে কার্যকর হবে বলে জানানো হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D