রাজধানীতে বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়

প্রকাশিত: ৯:৪৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২০, ২০২২

রাজধানীতে বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়

টানা কয়েকদিনের তাপপ্রবাহের পর প্রথম কালবৈশাখীর দেখা পেল রাজধানীবাসী। অবশেষে সেই শীতল বাতাস ও স্বস্তির বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড় হয়ে গেলো ঢাকায়। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে সারাদিন থেমে থেমে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসে। এরপর পৌনে ৭টার দিকে শুরু হয় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, সঙ্গে ছিল বজ্রপাত। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে। আবহাওয়া অফিস থেকে জানা যায়, দেশের আটটি জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস রয়েছে। এক্ষেত্রে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমে গিয়ে তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

এই অবস্থায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুমিল্লা অঞ্চলসহ রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট