আজ পয়লা ফাল্গুন ঋতুরাজ বসন্ত

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২১

আজ পয়লা ফাল্গুন ঋতুরাজ বসন্ত

রাত পোহালেই চার দিকে গুঞ্জরিত হবে : ‘আজি বসন্ত জাগ্রত দ্বারে’। দক্ষিণা দুয়ারে বইবে ফাগুনের হাওয়া। কোকিল স্বরে গীত হবে বসন্তের আগমনী গান। ফুলে ফুলে ভ্রমরও করবে খেলা। গাছে গাছে দেখা যাবে পলাশ আর শিমুলের মেলা। সব মিলিয়ে প্রকৃতি জানান দেবে আজ পয়লা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন।
বসন্ত ঋতু লুকিয়ে আছে ফাল্গুন ও চৈত্র মাসের ভেতর। তবে অনুভবের জায়গা থেকে বলতে গেলে শুধু ফাল্গুন মাসের কথাই বলতে হবে। বাংলা বছর গণনায় ফাল্গুন ১১তম মাস হলেও কালের আবর্তনে এবং ঘটনার পরিপ্রেক্ষিতে এটি শুধু একটি মাসের নামের মধ্যে সীমাবদ্ধ নেই।
ফাল্গুনের হাত ধরেই ঋতুরাজ বসন্তের আগমন। ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতির আজ এত বর্ণিল সাজ। বসন্তের এ আগমনে প্রকৃতির সাথে তরুণ হৃদয়েও লেগেছে দোলা। সর্বস্তরের মানুষ বিশেষত তরুণ-তরুণী বসন্ত উৎসবে আজ মেতে উঠবে। শীতকে বিদায় জানানোর মধ্য দিয়েই বসন্তবরণে চলবে ধুম আয়োজন। পাতা ঝরা শীত শেষে আর বসন্ত আসবে ফুলের ডালা সাজিয়ে। বাসন্তি ফুলের পরশ আর সৌরভে কেটে যাবে শীতের জরা-জীর্ণতা।
বসন্তকে সামনে রেখে গ্রামবাংলায় মেলা, সার্কাসসহ নানা বাঙালি আয়োজনের সমারোহ থাকবে। ভালোবাসার মানুষেরা মন রাঙাবে বাসন্তি রঙেই। তবে শীতের রেশ ধরে বসন্তে চলবে পিঠা উৎসব।
এ দিকে বসন্তকে উপভোগ্য করে তুলতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন গ্রহণ করেছে নানা কর্মসূচি। ১৮ বছর আগে বঙ্গাব্দ ১৪০১ সাল থেকে প্রথম বসন্ত উৎসব উদযাপন করার রীতি চালু হয়। সেই থেকে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ বসন্ত উৎসব আয়োজন করে আসছে। বসন্তের নাচ, গান ও কবিতার পাশাপাশি ফুলের প্রীতি বন্ধনী ও বসন্ত কথনের মাধ্যমে রাজধানীর চারটি স্পটে বসন্তবরণের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
সকালে চারুকলা অনুষদের বকুলতলায় যন্ত্রসঙ্গীতের মূর্ছনার মধ্য দিয়ে শুরু হবে বসন্ত আবাহন। এতে শিশু-কিশোরদের পরিবেশনা, আদিবাসী পরিবেশনা, বসন্ত কথন পর্ব, আবীর ও প্রীতিবন্ধনী বিনিময়, দলীয় সঙ্গীত, দলীয় আবৃত্তি, একক সঙ্গীত, একক আবৃত্তি, বাউল সঙ্গীত পরিবেশিত হবে। বর হবে বসন্ত শোভাযাত্রা।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট