মসজিদে বিস্ফোরণঃ সরকার সতর্ক হলে মৃত্যু আরও কমতে পারতো : ডা. জাফরুল্লাহ

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০

মসজিদে বিস্ফোরণঃ সরকার সতর্ক হলে মৃত্যু আরও কমতে পারতো : ডা. জাফরুল্লাহ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় সরকার সতর্ক হলে মৃত্যুর ঘটনা আরও কমতে পারতো বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে তল্লা মসজিদ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমাদের সরকার আরেকটু সতর্ক হলে, আরেকটু ব্যবস্থা নিলে মসজিদে বিস্ফোরণে ২৪ জনের জায়গায় অর্ধেক লোক কম মারা যেত। সরকার এটা ঘটায়নি, কিন্তু তাদের ব্যর্থতা। তারা সব সময় অর্ধেক কাজ করে রেখে দেয়। আমার কষ্ট লেগেছে এখান থেকে ঢাকা যেতে প্রায় ঘণ্টাখানেক সময় লেগেছে। এই যে কষ্টটা, অকল্পনীয়।

তিনি বলেন, আগুনে পোড়ার যে ব্যথাটা, আপনারা উপলব্ধি করতে পারবেন না। এখানে যে চিকিৎসা হওয়ার কথা ছিল, সেটা হয়নি। নারায়ণগঞ্জ এত বড় একটা জেলা শহর, উচিত ছিল সঙ্গে সঙ্গে ইনজেকশন দেওয়া। তাহলে ব্যথা থাকতো না। এখন ওষুধ বেরিয়েছে অথচ পর্যাপ্ত ওষুধ নেই। যদিও এর দাম খুব বেশি না।

দোষীদের দ্রুত বিচার দাবি করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, তিতাসের গ্যাস সম্পর্কে খালি আলোচনা হবে, পরীক্ষা হবে। এসব আজগুবি কথা না বলে যেভাবে মেজর সিনহার ঘটনায় সাতদিনের মধ্যে বিচার শুরু হয়েছে, এটারও সাত দিনের মধ্যে বিচার হওয়া উচিত।

মসজিদ বিস্ফোরণে যারা মারা গেছেন, তাদের প্রত্যেকের পরিবারকে কমপক্ষে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান তিনি।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট