৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৮ পূর্বাহ্ণ, মে ৩১, ২০২০
সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫শ’ ছাড়িয়েছে। শনিবার রাতের ৭৪ জন মিলিয়ে এ জেলায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৫৩৫। শনিবার সকাল পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ছিল ৪৬১।
সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা বৃ্দ্ধি নিয়ে স্বাস্থ্য বিভাগ রীতিমতো উদ্বিগ্ন। নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য বিভাগের জনৈক কর্মকর্তা জানান, স্বাস্থ্য বিধি মেনে না চলা, ঈদের আগে মার্কেট খুলে দেয়া ও দুর্বল মনিটরিং এবং সমন্বয়হীনতার কারণে সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। ওই কর্মকর্তার মন্তব্য, এরই মধ্যে সিলেটে কোভিডের বিশেষায়িত হাসপাতালের সিট প্রায় ফিলাপ হয়েছে। বাকি যে দুটি সরকারি হাসপাতাল রয়েছে-তা সিরিয়াস রোগীদের চিকিৎসার জন্য উপযুক্ত নয়। এ অবস্থায় বেসরকারি হাসপাতালের দিকে হাত বাড়িয়েছে স্বাস্থ্য বিভাগ। এরই মধ্যে দক্ষিণ সুরমার নর্থ ইস্ট হাসপাতালের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
অন্য একটি সূত্র জানায়, সিলেটে করোনার থাবা থেকে প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ-র ্যাবসহ অন্যান্য বাহিনীর সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এমনকি সাংবাদিক-কেউই বাদ যাচ্ছেন না। এ অবস্থায় সবার মধ্যে একটি ভীতি কাজ করছে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে মানুষজনের অনীহা সিলেটে করোনা বাড়ার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।
সিলেট মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রুমেন জানান, সম্প্রতি সিলেটের এক হাজতির লাশ দাফন করতে গিয়ে করোনা নিয়ে সমন্বয়হীনতার বিষয়টি স্পষ্ট হয়ে উঠে। বিষয়টি তারা সিলেট অঞ্চলের সরকারি দলের শীর্ষ নেতাদের অবহিত করেছেন বলে জানান রুমেন।
জানা গেছে, আজ রবিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে সরকারি অফিস খুলছে। এ অবস্থায় পরিস্থিতি আরো খারাপ হয় কি না-এ নিয়ে উদ্বেগ রয়েছে স্বাস্থ্য বিভাগের মাঝে।
জানা গেছে, সিলেট জেলার নতুন আক্রান্তদের নিয়ে পুরো বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯৪৮ জন। সুনামগঞ্জে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ১৬৯ জন। এছাড়া হবিগঞ্জে ১৭১ জন ও মৌলভীবাজারে ৯৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।
শনিবার টানা দ্বিতীয় দিনের মত হবিগঞ্জ ও মৌলভীবাজারে নতুন কোন করোনা আক্রান্ত শনাক্ত হয়নি। সিলেট বিভাগের এই দুটি জেলায় সংগৃহিত নমুনা ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।
এই বিভাগের মধ্যে সিলেট জেলার নমুনাগুলো ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে এবং সুনামগঞ্জের নমুনাগুলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে পরীক্ষা করা হয়। শনিবার অবশ্য শাবিতে সিলেট জেলার নমুনা পরীক্ষা হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানিয়েছেন, শনিবার তাদের ল্যাবে সিলেট জেলার ১৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়; যাদের মধ্যে ৪৯ জনের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে।
অন্যদিকে শাবির জিইবি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় জানিয়েছেন, এদিন তাদের ল্যাবে ১২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D