৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২০
দেশে আরও ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে একটি ছেলে শিশু, একটি মেয়ে শিশু এবং অপরজন নারী। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৮ জন।
সোমবার (১৬ মার্চ) সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
গত ২৪ ঘণ্টায় আরও দশ জনের করোনার নমুনা শনাক্ত করা হয়েছে বলে জানিয়ে আইইডিসিআর পরিচালক জানান, এদের মধ্যে তিনজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। অর্থাৎ দেশে নতুন করে আরও তিন জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন আগে অসুস্থ হওয়া পরিবারের সদস্য। নতুন আক্রান্তের দুজন লোকাল (প্রবাসী নন)।
ডা. ফ্লোরা বলেন, ভাইরাসের লোকাল ট্রান্সমিশন হচ্ছে। যে কারণে একটি উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠান, সভা-সমাবেশ ও সমাগম বন্ধের জন্য স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে।
চীনের উহান শহরে থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত রোগী বাংলাদেশে শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। সেদিন তিন জন করোনায় আক্রান্ত হওয়ার তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতরের আইইডিসিআর। পরে আরও দুজন করোনায় আক্রান্ত হওয়ার কথা জানায় সরকার। এদের মধ্যে তিনজন সুস্থ হয়ে উঠেছেন, যাদের দুজন বাড়ি ফিরে গেছেন। সবশেষ আরও তিনজন আক্রান্ত হওয়ার তথ্য জানা গেল।
এদিকে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুত মহামারি আকার ধারণ করেছে করোনা ভাইরাস (কোভিড-১৯)। এই ভাইরাসে সোমবার (১৬ মার্চ) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮১ জনের প্রাণহানি ঘটেছে। এতে মৃতের সংখ্যা ৬ হাজার ৫১৬ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৭ হাজার ৭৫৩ জন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, উৎপত্তিস্থল চীন ছাড়াও বিশ্বের মোট ১৫৭টি দেশে মরণঘাতী ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। তাছাড়া ঝুঁকিতে আছে আরও অনেক দেশ। এতে বিশ্বজুড়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। যাদের মধ্যে দক্ষিণ কোরিয়া, ইতালি ও ইরানের নাগরিকদের সংখ্যাই সবচেয়ে বেশি। এমন অবস্থায় বিশ্বজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D