করোনায় আক্রান্তের তথ্য গোপন করলে কারাদণ্ড

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০

করোনায় আক্রান্তের তথ্য গোপন করলে কারাদণ্ড

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য গোপন করা শস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো ব্যক্তি ইচ্ছা করে করোনা ভাইরাসে আক্রান্তের তথ্য গোপন করলে দুই মাসের কারাদণ্ড অথবা ২৫ হাজার টাকা জরিমানা কিংবা উভয়দণ্ড পাবেন। সংক্রামক রোগে আক্রান্ত কোনো সন্দেহভাজন ব্যক্তিকে নির্দিষ্ট হাসপাতাল, অস্থায়ী হাসপাতাল, স্থাপনা বা গৃহে অন্তরীণ রাখা বা পৃথকীকরণ করে রাখা হবে। সংক্রামক রোগের বিস্তার রোধে উড়োজাহাজ, জাহাজ, জলযান, বাস, ট্রেন ও অন্য যানবাহন দেশে আগমন, নির্গমন বা দেশের অভ্যন্তরে এক স্থান হতে অন্য স্থানে চলাচল নিষিদ্ধ করা যাবে। যদি কোনো চিকিৎসক সংক্রামক রোগে আক্রান্ত কোনো ব্যক্তির চিকিৎসার দায়িত্বে থাকেন এবং এই রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তি, কোনো বাসগৃহ, প্রাঙ্গণ বা এলাকায় সংক্রামক রোগের অস্তিত্ব সম্পর্কে অবহিত হন, তাহলে তিনি বিষয়টি সংশ্লিষ্ট সিভিল সার্জনকে অবহিত করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো বোর্ডিং, আবাসিক হোটেল, অস্থায়ী বাসস্থানের মালিক, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির যুক্তিসংগত কারণে যদি ধারণা হয়— এই স্থানে বাস করা কোনো ব্যক্তি সংক্রামক রোগে আক্রান্ত হয়েছেন, তাহলে তিনি দ্রুত বিষয়টি সংশ্লিষ্ট সিভিল সার্জন এবং জেলা প্রশাসককে জানাবেন। মহাপরিচালক বা ক্ষমতাপ্রাপ্ত কর্মচারীর যদি মনে হয়— যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো সংক্রামক রোগ সীমিত বা নির্মূল করা সম্ভব নয়, তাহলে তিনি সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে বা সংক্রমিত স্থানে অন্য কোনো ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ, সীমিত বা নিয়ন্ত্রণ করতে পারবেন।

কোনো সংক্রমিত ব্যক্তিকে বিচ্ছিন্ন করা না হলে তার মাধ্যমে অন্য কোনো ব্যক্তি সংক্রমিত হতে পারেন, তাহলে এই ব্যক্তিকে সাময়িকভাবে অন্য কোনো স্থানে স্থানান্তর বা জনবিচ্ছিন্ন করা যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।