আপনি অর্থমন্ত্রী হলে কী করতেন, সাংবাদিককে মন্ত্রীর প্রশ্ন

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২০

আপনি অর্থমন্ত্রী হলে কী করতেন, সাংবাদিককে মন্ত্রীর প্রশ্ন

কানাডায় বাড়ি করা, বিদেশে অর্থ পাচার, প্রশান্ত কুমার হালদার বা আব্দুল হাই বাচ্চুরা অনেক অনিয়ম-দুর্নীতি করেছেন এবং সংবাদমাধ্যমে তা ওঠে এসেছে—এ প্রসঙ্গে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, দেখেছি, শুনেছি, ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে।

এসময় প্রশ্নকারী সাংবাদিকের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, যদি আপনি অর্থমন্ত্রী হতেন তবে কী করতেন? যে পদক্ষেপগুলো নিচ্ছি, এর বাইরে গিয়ে কিছু করতে পারতেন? অধিকাংশ ক্ষেত্রেই আমরা মামলা দায়ের করি। বহু মানুষ কারাগারে রয়েছে।

বুধবার (৪ মার্চ) রাজধানীর শেরে বাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন মন্ত্রী।

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু কারাগারের বাইরে রয়েছেন—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মুস্তফা কামাল বলেন, একজন বাচ্চুকে উদাহরণ দিলে তো আর হবে না। আব্দল হাই বাচ্চু কোনো অপরাধ করলে সেটা দুদক দেখবে। দুদক কিছু পেলে যেই হোক তাকে আদালতে পাঠাবে। তখন আদালত সিদ্ধান্ত দেবে।

এ সময় অর্থমন্ত্রী জানান, আর্থিক খাতে অনিয়ম-দুনীতির সঙ্গে জড়িত ৭০ থেকে ৮০ শতাংশের বিরুদ্ধেই মামলা হয়েছে।

মন্ত্রীকে সাংবাদিকরা জানান, ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটি (জিএফআই) মঙ্গলবার (২ মার্চ) বাংলাদেশসহ ১৩৫টি দেশের অর্থ পাচারের ওপর একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে ওঠে এসেছে, বাংলাদেশ থেকে বাণিজ্যের আড়ালে বছরে গড়ে পাচার হচ্ছে ৬৪ হাজার কোটি টাকার সমান অর্থ।