বিবিসির তথ্যানুসন্ধান : দিল্লিতে বেছে বেছে মুসলমানদের ওপর হামলা হচ্ছে

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০

বিবিসির তথ্যানুসন্ধান : দিল্লিতে বেছে বেছে মুসলমানদের ওপর হামলা হচ্ছে

ভারতের মুসলিমবিদ্বেষী বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনবিরোধী বিক্ষোভে বেছে বেছে মুসলিমদের ওপর হামলা চালানো হচ্ছে। এ কথা জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

সংবাদ মাধ্যমটির বুধবারের (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে এখনো নাগরিকত্ব আইনের সমর্থক ও বিরোধীদের মধ্যে তুমুল সহিংসতা চলছে। আর মুসলিমদের বাড়িঘর ও দোকানপাটে হামলা চালাচ্ছে উগ্র হিন্দুত্ববাদীরা।

ওই প্রতিবেদনে নাগরিকত্ব আইন নিয়ে চলমান ঘটনাবলীকে গত এক দশকের মধ্যে ভারতে সবচেয়ে ভয়াবহ সহিংসতা বলে উল্লেখ করেছে বিবিসি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসির সংবাদদাতারা জানিয়েছেন, সহিংসতা হচ্ছে মূলত উত্তর-পূর্ব দিল্লির মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে। সংঘর্ষকারীদের কারও কারও হাতে বন্দুক দেখা গেছে। এসব এলাকার সড়কগুলো এখন অনেকটা ধ্বংসস্তূপে রূপ নিয়েছে, রাস্তায় পুড়ছে যানবাহন, আর উড়ছে ধোঁয়া।

তাছাড়া উগ্র হিন্দুত্ববাদীরা মুসলমান বিক্ষোভকারীদের ওপর ভারী কুঠার ও লোহার রড নিয়ে আক্রমণ করছে বলেও জানিয়েছে বিবিসি।

বিবিসি হিন্দির সংবাদদাতা ফয়সাল মোহাম্মদ আলী অন্তত দুটি মসজিদে অগ্নিসংযোগ ঘটাতে দেখেছেন। তিনি জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা কোরআনের বিভিন্ন পাতা মাটিতে পুঁতে রাখতে দেখা গেছে লোকজনকে।

এ দিকে দিল্লিতে গত কয়েকদিন ধরে চলা সহিংসতায় এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ভারতীয় কর্তৃপক্ষ। এছাড়া আহত হয়েছে অসংখ্য মানুষ।