ঢাকার ভোটে কূটনীতিকদের আচরণবিধি মানার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০

ঢাকার ভোটে কূটনীতিকদের আচরণবিধি মানার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি (কোড অব কন্ডাক্ট) মেনে চলার জন্য বিদেশি কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেন, রাষ্ট্রদূতরা তাদের নিজেদের কাজকর্ম রেখে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছেন, এটি কোনোভাবেই উচিত নয়।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন নিয়ে কূটনীতিকদের তৎপরতার দিকে ইঙ্গিত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি দূতাবাসগুলো বেশি নাক গলান। যা মোটেই উচিত নয়। নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত নিয়েছেন কারা যাবেন বা যাবেন না। আমরা আশা করি, রাষ্ট্রদূতরা নির্বাচন কমিশনের ‘কোড অফ কন্ডাক্ট’ মেনে চলবেন। আর যারা মানবেন না, তাদের বলব- দেশ থেকে চলে যান।

আসন্ন সিটি নির্বাচন সামনে রেখে বিএনপির মনোনীত মেয়র প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। এ ছাড়া বিএনপির পক্ষ থেকে কয়েক দফায় বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফ করা হয়। এরই মধ্যে ব্রিটিশ হাইকমিশনার জানিয়েছেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। যুক্তরাজ্য সরকার চায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচনটি সম্পন্ন হোক। অন্য দেশের রাষ্ট্রদূতরাও নির্বাচন নিয়ে এমন মন্তব্য করেছেন।

মোমেন বলেন, ঢাকা সিটিতে নির্বাচন আদর্শ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন, এই নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও সুন্দর হয়।

এ সময় চীনে আটকা পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, আমাদের দেশের নাগরিকদের ফিরিয়ে আনার জন্য আমরা প্রস্তুত রয়েছি। তারা যখন আসতে চাইবেন এবং চীন সরকারের সম্মতি পেলে আমরা সঙ্গে সঙ্গে তাদের নিয়ে আসব।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট