৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) তিন দিনের সফর শেষে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) আমিরাতের আবুধাবি বিমানবন্দর থেকে সন্ধ্যা ৬টার পরপর (বাংলাদেশ সময় রাত ৮টার পর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সফরসঙ্গীদের নিয়ে ঢাকার পথে যাত্রা করেন।
আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এ সময় প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
এ সফরে ‘আবুধাবি সাসটেইনিবিলিটি উইক’ ও ‘জায়েদ সাসটেইনিবিলিটি অ্যাওয়ার্ড সেরিমনি’ সহ বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী।
এর আগে, রবিবার (১২ জানুয়ারি) বিকাল ৫টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবুধাবির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। এ দিন বাংলাদেশ সময় রাত ১০টা ২৮ মিনিটে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে শাংগ্রি-লা হোটেলে নিয়ে যাওয়া হয়। ইউএই সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলেই অবস্থান করেন।
সোমবার (১৩ জানুয়ারি) সকালে আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারের আইসিসি হলে ‘আবুধাবি সাসটেইনিবিলিটি উইক’ ও ‘জায়েদ সাসটেইনিবিলিটি অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান তাকে স্বাগত জানান।
এ দিন সন্ধ্যায় আবুধাবির হোটেল শাংগ্রি-লায় মধ্যপ্রাচ্যের ৯টি দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। সম্মেলনে ইসলামিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করার জন্য রাষ্ট্রদূতদের বিভিন্ন দিক-নির্দেশনা দেন তিনি।
একই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশের বন্দর নির্মাণ, জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগের আহ্বান জানান।
ইউএই সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এমিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানির (ইএনওসি) প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফ হুমাইদ আল ফালাসি, আমিরাতের শাসক পরিবারের সদস্য শেখ আহমেদ ডালমুখ আল মাখতুমসহ ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দলও সাক্ষাৎ করেন।
এছাড়া শেখ হাসিনার উপস্থিতিতে আবুধাবিতে বাংলাদেশের বিদ্যুৎ ও খনিজ সম্পদ বিভাগের সঙ্গে এমিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানির (ইএনওসি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
মঙ্গলবার সকালের দিকে সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি সৌদি আরামকোর পরিচালক ও এসিডব্লিউএ পাওয়ারের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিন বিকালে আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে ‘দ্য ক্রিটিক্যাল রোল অব উইমেন ইন ডেলিভারিং ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ে সাক্ষাৎকার অধিবেশনে যোগ দেন তিনি। এরপর দেশের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D