ইরানিদের হামলার ভয়ে সেনাদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২০

ইরানিদের হামলার ভয়ে সেনাদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের পাল্টা হামলার ভয়ে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে সেনাদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

গোয়েন্দাদের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনাদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। যদিও সবার সামনে বিপরীত কথা বলছে তারা।

গোয়েন্দারা বলছে, কুয়েত থেকে এরই মধ্যে সেনাসদস্যদের সরিয়ে নিয়েছে ট্রাম্প প্রশাসন। এছাড়া মার্কিন সব যুদ্ধজাহাজকে ইরান থেকে ১ হাজার কিলোমিটার দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার (৩ জানুয়ারি) ভোররাতে ইরাকে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি। তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এলিট শাখা কুদস ফোর্সের প্রধান ছিলেন।

সোলাইমানি হত্যার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সর্বোচ্চ উত্তেজনার সৃষ্টি হয়েছে। ইরান কয়েকদিন ধরে পাল্টা হামলার হুমকি দিলেও এতদিন এ সম্পর্কিত কোনো তৎপরতা চোখে পড়েনি।

সোমবার ইরানে সোলাইমানির জানাজা সম্পন্ন হয়। এ দিনই ক্ষেপণাস্ত্র নিয়ে তৎপরতা দেখা গেছে তেহরানে। এসব ক্ষেপণাস্ত্র দেশটির পশ্চিম সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছে। এই ঘটনার প্রেক্ষিতে বিশ্লেষকরা ধারণা করছেন- সোলাইমানির সব আনুষ্ঠানিকতা শেষ করেই প্রতিশোধ নিতে নামবে ইরান।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট