ধর্ষণে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২০

ধর্ষণে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত রবিবারের ঘটনাটি শুনেছি। মেয়েটির অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করছে। এ নিয়ে আমাদের কয়েকটি টিম কাজ করছে। আমরা এখনো নিশ্চিত হতে পারিনি, কী কারণে, কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সোমবার (৬ জানুয়ারি) বিকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে কুচকাওয়াজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল জানান, আইন-শৃঙ্খলা বাহিনী এর আগে অনেক বড় বড় ঘটনা তদন্ত করে বের করেছে। তাই এ ঘটনায়ও দ্রুত সময়ের মধ্যে বের হবে এবং অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা সম্ভব হবে।

পুলিশের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাঠ পর্যায়ে পুলিশের সব অভিযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুনেছেন। তিনি তাদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন—পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ পুলিশের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

প্রসঙ্গত, রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী শেওড়ায় বান্ধবীর বাসায় যাওয়ার উদ্দেশ্যে ঢাবির বাসে ওঠেন। সন্ধ্যা ৭টার দিকে কুর্মিটোলায় বাস থেকে নামার পর অজ্ঞাত ব্যক্তি তার মুখ চেপে ধরলে অজ্ঞান হয়ে যান তিনি। পরে তাকে পার্শ্ববর্তী একটি স্থানে নিয়ে ধর্ষণ করা হয়। ঘটনাটি সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে ঘটে। এরপর ১০টার দিকে জ্ঞান ফিরলে তিনি নিজেকে নির্জন স্থানে আবিষ্কার করেন। পরে তিনি রিকশায় করে বান্ধবীর বাসায় গিয়ে বিষয়টি তাদের জানান। পরে তার সহপাঠীরা রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করান।