ইরানে ডেস্ট্রয়ার পাঠাচ্ছে চীন

প্রকাশিত: ১:৫৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৯

ইরানে ডেস্ট্রয়ার পাঠাচ্ছে চীন

রাশিয়া ও ইরানের সঙ্গে সম্মিলিত নৌ-মহড়ায় অংশ নিচ্ছে চীন। ভারত মহাসাগর ও ওমান সাগরের নিরাপত্তা নিশ্চিতে শুক্রবার থেকে এই মহড়া শুরু হবে।

ইরানভিত্তিক সংবাদমাধ্যম প্রেসটিভি জানায়, চার দিনের নৌ-মহড়ায় অংশ নিতে যাচ্ছে রাশিয়া, ইরান ও চীন। মহড়ায় অংশ নেওয়ার জন্য একটি ডেস্ট্রয়ার পাঠাচ্ছে চীনের নৌবাহিনী।

রাশিয়া ও ইরানের সঙ্গে নৌ-মহড়া সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান। বৃহস্পতিবার তিনি বলেন, ইরান ও রাশিয়ার সঙ্গে মহড়ায় অংশ নিতে একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার পাঠানো হচ্ছে। মস্কো ও তেহরানের সঙ্গে সম্পর্কের গভীরতা বোঝাতেই মহড়ার আয়োজন করা হয়েছে।

গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার হলো এমন ধরনের যুদ্ধজাহাজ যেখান থেকে নির্দিষ্ট লক্ষ্যে ক্ষেপণাস্ত্র ছোড়া যায়। এমনকি কোনো কোনো ক্ষেত্রে বিমান, সাবমেরিন ও ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রও ছোড়া হয় এখান থেকে।

প্রসঙ্গত, সৌদি আরবে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধির প্রতিবাদে চীন-রাশিয়ার সঙ্গে নৌ-মহড়ায় অংশ নিতে যাচ্ছে রিয়াদের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী তেহরান। ইরানি সশস্ত্র বাহিনীর দাবি, ভারত মহাসাগরের উত্তরাঞ্চল এবং ওমান সাগরে আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা শক্তিশালী করার লক্ষ্যে মহড়াটির আয়োজন করা হচ্ছে।