২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৮
যে সমস্ত ব্যক্তিবর্গ গুমের শিকার হয়েছেন ন্যায়বিচার পাওয়ার লক্ষ্যে তাদের পরিবারকে আন্তর্জাতিক আদালতে যেতে বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে গুম হওয়া পরিবারদের সংগঠন ‘মায়ের ডাক’ এর আয়োজনে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আপনাদের প্রশ্ন তোলার সময় হয়েছে। কারণ দীর্ঘ বছর যাবত আপনারা রাষ্ট্রের কাছে বিচার চেয়েছেন; কিন্তু বিচার পাচ্ছেন না। আমাদের সংবিধানে রয়েছে, যে কোনো নাগরিককে আইন অনুযায়ী বিচার করতে হবে এবং রাষ্ট্রের সাথে নাগরিকের ব্যবহার হবে আইন মোতাবেক।
ড. আসিফ নজরুল বলেন, গুম হচ্ছে সবচেয়ে জঘন্য ধরনের অপরাধ। এটা খুনের চেয়েও জঘন্য। এবং পৃথিবীর বিভিন্ন আইনে যে সংজ্ঞা দেওয়া আছে সেখানেও এটা জঘন্য অপরাধ হিসেবেই সংজ্ঞায়িত করা আছে। আমাদের আন্তর্জাতিক আইনে বলা হয়েছে, গুম বা খুন যখন পরিকল্পিত এবং ব্যাপক সংখ্যায় হয় তখন সেটাকে আমরা মানবতাবিরোধী অপরাধে সংজ্ঞায়িত করতে পারি।
তিনি বলেন, আমাদের এই দেশের যত খুন আর গুমের ঘটনা ঘটেছে, অধিকাংশ ক্ষেত্রে শিকার হয়েছে সরকারবিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীরা। কাজেই আমাদের ভাবার কারণ রয়েছে এই গুম হয়েছে পরিকল্পিতভাবে। সংখ্যার দিক থেকেও এটি ব্যাপক সংখ্যায় হয়েছে।’
আসিফ নজরুল বলেন, ‘বহু বছর ধরে আমরা রাষ্ট্রের কাছে বিচার চাচ্ছি, কিন্তু কোনো বিচার হচ্ছে না। আমাদের সংবিধানে বলা আছে, যেকোনো নাগরিকের আইন অনুযায়ী বিচার করতে হবে। আমি প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের কোন আইনে আছে যে, একটা মানুষকে আপনি কোনো বিচার না করে, কোনো কথা না বলে গুম করে দেবেন। তাকে হত্যা করবেন বা নিখোঁজ করে দেবেন?’
‘সরকারের কাছে গুম হওয়ার কারণ জানতে চাইতে হবে’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আজ নির্বাচনী ডামাডোলের মধ্যে আপনারা এই প্রশ্ন তোলেন। যারা ভোট চান তাদের প্রশ্ন করেন, আমাদের ভাইয়েরা, আমাদের সন্তানেরা কেন গুম হয়েছে? কারা গুম করেছে? এই প্রশ্নের উত্তর আমরা চাইবো সরকারের কাছে। একই সঙ্গে বিরোধী পক্ষ যারা আছেন, তাদের কাছে জানতে চাইবো যে, যারা গুম হয়েছেন তাদের ন্যায় বিচার কীভাবে করবেন?
তিনি বলেন, ‘যারা গুমের পেছনে দাঁড়িয়ে আছেন বা গুমের ঘটনার সঙ্গে জড়িত; আমি বিশ্বাস করি একদিন না একদিন তারা বিচারের সম্মুখীন হবেন। ওই সময় পর্যন্ত আপনাদের লড়াই অব্যাহত রাখুন।’
পাঁচ বছর আগে গুমের শিকার সুমনের মা হাজেরা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমুখ।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন কমরেড খালেকুজ্জামান ভূঁইয়া, তাবিদ আওয়াল। এছাড়া উপস্থিত ছিলেন গত ৫ বছরে গুম হওয়া পরিবারের সদস্যরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D