১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০২৬
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের আয়ব্যয়ের স্বচ্ছতা আনা ও পর্যটকদের সুবিধার্থে বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে এবার মাজারে ট্যুরিস্ট পুলিশ নিযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকেই মাজারের প্রধান ফটকে ট্যুরিস্ট পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। তারা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবেন বলে জানা গেছে।
বৃহস্পতিবারই হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের ৩টি ডেগে সিলগালা করেছে প্রশাসন। একইসাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাজারে দানবাক্স বসানো হয়েছে। মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ডেগ সিলাগালা করে প্রশাসনের পক্ষ থেকে নিজস্ব দানবাক্স স্থাপন করা হয়েছে। এছাড়া এসব দান বাক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
আধ্যাত্মিক ও পর্যটন নগরী হিসেবে পরিচিত সিলেটে অবস্থিত হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার দেশ-বিদেশের অসংখ্য ধর্মপ্রাণ মানুষ ও পর্যটকের অন্যতম গন্তব্য। প্রতিদিন হাজারো ভক্ত-আশেকান ও দর্শনার্থীর পদচারণায় মুখরিত থাকে এই দুই পবিত্র স্থান। দর্শনার্থীদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে শাহজালাল (রহ.) মাজার এলাকায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকেই মাজারের প্রধান ফটকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ট্যুরিস্ট পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। নিয়মিত টহল ও নজরদারির মাধ্যমে পর্যটকদের নির্বিঘ্ন ভ্রমণ, হয়রানি প্রতিরোধ, শৃঙ্খলা রক্ষা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত মোকাবিলার উদ্যোগ নেওয়া হয়েছে।
ট্যুরিস্ট পুলিশ সিলেট জোনের পরিদর্শক রঞ্জন সামন্ত বলেন, ‘শাহজালাল (রহ.) মাজার সিলেটের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও পর্যটন কেন্দ্র। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সার্বক্ষণিক নজরদারি করছি। কেউ কোনো সমস্যার সম্মুখীন হলে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।’
তিনি আরও বলেন, ‘পর্যটকদের সেবা প্রদান, হয়রানি প্রতিরোধ এবং নিরাপদ পরিবেশ বজায় রাখতে ট্যুরিস্ট পুলিশ সর্বদা দায়িত্ব পালন করে যাচ্ছে। নিরাপদ ও আনন্দময় ভ্রমণ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।’
সংশ্লিষ্টদের মতে, ট্যুরিস্ট পুলিশের উপস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ফলে শাহজালাল (রহ.) মাজারে আগত দর্শনার্থীদের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে। ফলে ধর্মীয় পর্যটনের অন্যতম কেন্দ্র হিসেবে সিলেটের মর্যাদা আরও সুদৃঢ় হচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D