১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৬
বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নের সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের মাঝে তৃতীয় ধাপের ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে শ্রীমঙ্গলে প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানস্থলসহ শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম, সড়ক সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ শেষ করা হয়েছে। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো নিরাপত্তা ও প্রশাসনিক সমন্বয় নিশ্চিত করতে কাজ করছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী দুপুর ১টায় শহরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ সময় তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সুবিধাবঞ্চিত পরিবারের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোয়েব আহমেদ জানান, তৃতীয় ধাপে মির্জাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ১৫৫টি সুবিধাবঞ্চিত পরিবারকে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রতীকীভাবে ১০ জন উপকারভোগীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবেন। এছাড়া আরও পাঁচজনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হবে। ফ্যামিলি কার্ডের আওতায় সুবিধাভোগীরা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা আর্থিক সহায়তা পাবেন।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক কর্মসূচির আওতায় আর্থিক সহায়তাও বিতরণ করা হবে। ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক-প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত পাঁচজনকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় পাঁচজনকে ১০ হাজার টাকা, পাঁচজন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে শিক্ষা সহায়তা, চা-শ্রমিকদের টেকসই আবাসন নির্মাণে পাঁচজনকে দুই লাখ টাকা করে এবং দুঃস্থ, অসহায়, প্রতিবন্ধী ও গৃহহীনদের জন্য বিশেষ অনুদান কর্মসূচির আওতায় ১০০ জনকে ১০ হাজার টাকা করে চেক প্রদান করা হবে।
মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে শ্রীমঙ্গলের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন।”
একই দিন অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শনকালে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেন, “সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা ক্রমান্বয়ে সম্প্রসারণ করা হচ্ছে। ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলো নিয়মিত আর্থিক সহায়তা পাবে, যা তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গল সফরকে জেলার জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা উল্লেখ করে সংশ্লিষ্ট সকলকে সফলভাবে কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।
এ সময় মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট ফয়জুল করিম ময়নু, সদস্য সচিব রিপন আহমেদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তবে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কোথাও ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, অভিনন্দন বার্তা কিংবা স্বাগত তোরণ নির্মাণ করা হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যক্তিকেন্দ্রিক প্রচারণা পরিহারের নির্দেশনা থাকায় শহরে কোনো ধরনের আনুষ্ঠানিক তোরণ বা প্রচারণামূলক সাজসজ্জা দেখা যাচ্ছে না।
অন্যদিকে, স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সফরকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তারা সরকারি নির্দেশনা মেনে ব্যানার-ফেস্টুন ছাড়াই সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করেছেন বলে জানা গেছে।
সব মিলিয়ে প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গল সফরকে কেন্দ্র করে পুরো উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D