কোম্পানীগঞ্জে দুই ফার্মেসিকে জরিমানা

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, জুন ৮, ২০২৬

কোম্পানীগঞ্জে দুই ফার্মেসিকে জরিমানা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শনের অভিযোগে দুই ফার্মেসিকে ৬৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৭ জুন) উপজেলার দয়ার বাজার ও টুকের বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব।

অভিযানকালে বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং বিক্রির উদ্দেশ্যে প্রদর্শনের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় দয়ার বাজারের ভূইয়া ফার্মেসি ও টুকের বাজারের মা-বাবা ফার্মেসির বিরুদ্ধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত দুই প্রতিষ্ঠানকে মোট ৬৭ হাজার টাকা অর্থদণ্ড দেন। আদায়কৃত জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।