সিলেট সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, জুন ৬, ২০২৬

সিলেট সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং

সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে সম্ভাব্য পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সতর্কতামূলক মাইকিং করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৫ জুন) দিবাগত গভীর রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট সীমান্ত এলাকায় এ সচেতনতামূলক কার্যক্রম চালায়।

মাইকিংয়ের মাধ্যমে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করে বিজিবি জানায়, বিশ্বস্ত সূত্রে তারা তথ্য পেয়েছে যে ভারত থেকে পুশ-ইন বা অবৈধ অনুপ্রবেশের চেষ্টা হতে পারে। এ পরিস্থিতিতে স্থানীয়দের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। পাশাপাশি কোনো বাংলাদেশি নাগরিক যেন অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করেন, সে বিষয়েও অনুরোধ করা হয়।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্ত এলাকার বিভিন্ন ফাঁড়ির মাধ্যমে নিয়মিত জনসচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। সীমান্ত নিরাপত্তা জোরদারে স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, অবৈধ পুশ-ইন, মানবপাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।