৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, জুন ৩, ২০২৬
সিলেট-হবিগঞ্জ সড়কে বুধবার (৩ জুন) থেকে শুরু হতে যাওয়া অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জিকে গউছের আশ্বাসের পর মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয় জেলা পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। তবে রুটসংক্রান্ত বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হবিগঞ্জ-মৌলভীবাজার সড়কে বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন পরিবহন মালিকেরা।
পরিবহন নেতারা জানিয়েছেন, আগামী ১২ জুন পর্যন্ত ধর্মঘট স্থগিত থাকবে। এর মধ্যে সমস্যার সমাধান না হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
জেলা পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সদস্যসচিব আবু মঈন চৌধুরী সোহেল মঙ্গলবার সন্ধ্যায় বলেন, “জাতীয় সংসদের হুইপ আমাদের সমস্যার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দিয়েছেন। তার অনুরোধে আমরা ১২ জুন পর্যন্ত ধর্মঘট স্থগিত করেছি। আশা করছি, এর মধ্যে একটি গ্রহণযোগ্য সমাধান হবে।”
এর আগে গত রোববার (৩১ মে) হবিগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে সংবাদ সম্মেলন করে পরিবহন নেতারা ৩ জুন থেকে সিলেট-হবিগঞ্জ সড়কে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেন। তারা বলেছিলেন, ২ জুনের মধ্যে হবিগঞ্জের বাসগুলোকে আগের মতো মৌলভীবাজার হয়ে সিলেট রুটে চলাচলের সুযোগ নিশ্চিত করা না হলে ধর্মঘট শুরু হবে।
পরিবহন নেতাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-সিলেট রুটে চলাচলকারী বাসগুলোকে মৌলভীবাজারের কিছু মালিক ও শ্রমিক সংগঠন বাধা দিয়ে আসছে। এর ফলে নির্ধারিত রুটে চলাচল ব্যাহত হচ্ছে এবং পরিবহন ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
সংবাদ সম্মেলনে আবু মঈন চৌধুরী সোহেল বলেছিলেন, “রুটটি আমাদের দীর্ঘদিনের। অথচ বিভিন্নভাবে বাস চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। এতে শুধু মালিকেরা নন, শত শত শ্রমিকও কর্মসংকটের মুখে পড়েছেন।”
পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, রুটসংক্রান্ত এ বিরোধ নতুন নয়। কয়েক বছর ধরেই হবিগঞ্জ ও মৌলভীবাজারের পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যে সিলেটগামী বাস চলাচল নিয়ে টানাপোড়েন চলছে। মাঝেমধ্যে প্রশাসনের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হলেও স্থায়ী সমাধান হয়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D