বিয়ানীবাজারে এবার পা বাঁধা যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, জুন ১, ২০২৬

বিয়ানীবাজারে এবার পা বাঁধা যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটের বিয়ানীবাজারে এবার পা বাঁধা অবস্থায় গাছের সঙ্গে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১ জুন) সকালে উপজেলার লাউতা ইউনিয়নের বারইগ্রামে শুক্কুর আলীর ছেলে সিএনজি চালক শামীম আহমদ ধনুর ঝুলন্ত মরদেহ পাওয়া যায় বরাইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে।

খবর পেয়ে বরাইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ থেকে ওই যুবকের পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।

জানা যায়, শামীম আহমদ ধনু রবিবার রাতে গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আর বাড়ি ফিরেননি। মুঠোফোনে কল দিলে ফোন বন্ধ পেয়েছেন নিহতের স্বজনরা। পরদিন সোমবার সকালে স্থানীয়দের চোখে ঝুলন্ত মরদেহ দেখে স্বজনরা খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেন।

বিয়ানীবাজার থানার এসআই মহিউদ্দিন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি। উক্ত লাশের সঠিক মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য সুরতহাল রিপোর্ট তৈরি করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।

এর আগে রবিবার (৩১ মে) বিকালে উপজেলার খাসাড়িপাড়ায় হাত বাঁধা অবস্থায় সাদিকুল রহমান রুপক (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের আব্দুল মুক্তাদিরের ছেলে।

প্রত‍্যক্ষদর্শী ও পুলিশ জানায়- সাদিকুল রহমান রুপকের মরদেহ নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে পিছনে হাত বাঁধা ও ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।

পরিবারের দাবি, এটি আত্মহত্যার ঘটনা নয়; বরং পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।

তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট