সিলেটে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, মে ৩১, ২০২৬

সিলেটে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন

সিলেটে বন্ধুর ছুরিকাঘাতে খুন হয়েছেন এক যুবক। রবিবার (৩১ মে) দুপুর ১২টার দিকে নগরীর রায়নগর এলাকার দপ্তরিপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল আহমদ (২৬) ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার ভেরা সিধলা এলাকার আব্দুর রহিমের ছেলে। তিনি পরিবারের সঙ্গে দপ্তরিপাড়ার একটি কলোনিতে থাকতেন।

এ ঘটনায় অভিযুক্ত বন্ধু মো. হাবিল (২৫)-কে আটক করেছে পুলিশ। তিনি শাহপরাণ থানাধীন বালুচর এলাকার মো. আলীর ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির।

তিনি বলেন- লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ বলছে- দুজনই মাদকাসক্ত ছিলো। খুনের কারণ এখনো জানা যায়নি। তবে দুজনের কিছুটা পূর্ব শত্রুতা ছিলো।

পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে দুই বন্ধু প্রথমে মইন মাস্টারের কলোনীর সামনে মারামারি শুরু করে। একপর্যায়ে ধৃত হাবিল ভিকটিম জুয়েলকে টেনে পাশে থাকা গোয়ালীছড়ায় (খাল) ফেলে দেয়। নিচে ফেলে দিয়ে হাবিলের সাথে থাকা ধারালো সুইচ গেইয়ার চাকু দিয়ে গলা, পিঠ ও বুকে একাধিক বার আঘাত করতে থাকে। ঘটনার একপর্যায়ে, আশেপাশের লোকজন মারামারি দেখতে পেয়ে ভিকটিম জুয়েলকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ধৃত হাবিলকে এক দফা মারধর করে স্থানীয়রা। পরে পুলিশ সংবাদ পেয়ে হাবিলকে জনতার কাছ থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে।

এদিকে, ঘটনার পর হামলাকারী যুবক মো. হাবিল দাবি করেছেন, বন্ধুত্বের সুযোগ নিয়ে জুয়েল তার স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন। বার বার নিষেধ করেও তাকে আটকানো যায়নি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট