হঠাৎ মারা গেলেন সিসিক কর্মী মুফাচ্ছির

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, মে ২৭, ২০২৬

হঠাৎ মারা গেলেন সিসিক কর্মী মুফাচ্ছির

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনা শাখার সুপারভাইজার মোহাম্মদ মুফাচ্ছিরের অকাল মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বিকেল সাড়ে ৩টায় কর্মরত অবস্থায় তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে তাকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, মোহাম্মদ মুফাচ্ছিরের মৃত্যুর খবর পেয়ে তাঁর কানিশাইলের বাসভবনে ছুটে যান সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

সেখানে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং গভীর সান্ত্বনা জানান। মরহুমের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশের পাশাপাশি সিসিক প্রশাসক তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

এ সময় তিনি বলেন, “মোহাম্মদ মুফাচ্ছির একজন অত্যন্ত নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মী ছিলেন। কর্মরত অবস্থায় তাঁর এই চলে যাওয়া সিলেট সিটি কর্পোরেশনের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের পাশে আছি এবং সিসিক কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।”

এ সময় সিসিকের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, মো. মাহবুবুর রহমান সহ সিসিকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।