গোলাপগঞ্জে স্ত্রী মোহনা হত্যা মামলায় স্বামী গ্রেফতার

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, মে ২৪, ২০২৬

গোলাপগঞ্জে স্ত্রী মোহনা হত্যা মামলায় স্বামী গ্রেফতার

সিলেটের গোলাপগঞ্জে গৃহবধূ ফাহমিদা আক্তার মোহনা হত্যা মামলার প্রধান অভিযুক্ত স্বামী জাহিদুল ইসলাম (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৪ মে) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে ২৩ মে বিকেলে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উত্তর জাঙ্গালহাটা গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। নিহত মোহনাকে পারিবারিক কলহ ও যৌতুকের বিরোধকে কেন্দ্র করে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ।

পুলিশ জানায়, ঘটনার পর থেকেই জাহিদুল আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম।

উল্লেখ্য, পারিবারিক বিরোধের জেরে শনিবার (২৩ মে) বিকেল আনুমানিক ৪টার দিকে গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উত্তর জাঙ্গালহাটা গ্রামে স্বামী জাহিদুল ইসলাম শাবল দিয়ে স্ত্রী ফাহমিদা আক্তার মোহনার (২৫) মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরই অভিযুক্ত স্বামী জাহিদুল ইসলাম পালিয়ে যান। তিনি উত্তর জাঙ্গালহাটা গ্রামের ছদরুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, তাদের সংসারে আবির আহমদ নামে চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। অভিযুক্ত স্বামী মানসিক ভারসাম্যহীন বলে দাবি করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট