সারাদেশে শিশু হত্যা-ধর্ষণে উদ্বেগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, মে ২২, ২০২৬

সারাদেশে শিশু হত্যা-ধর্ষণে উদ্বেগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

সারাদেশে ধারাবাহিকভাবে ঘটে চলা শিশু হত্যা, ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে গণতান্ত্রিক মহিলা সমিতি সিলেট জেলা। একই সঙ্গে এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শুক্রবার (২২ মে) সংগঠনটির সিলেট জেলা আহবায়ক মিনারা বেগম ও যুগ্ম আহবায়ক পারভীনা আক্তার ও তানিয়া বেগমের সই করা এক বিবৃতিতে এ উদ্বেগ ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় একের পর এক শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের ঘটনা জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। তার মরদেহের একটি অংশ প্রতিবেশীর ঘরের খাটের নিচে এবং মাথা বাথরুমে পাওয়া যায়।

সংগঠনটি আরো জানায়, গত ৬ মে সিলেট সদর উপজেলার জালালাবাদ এলাকায় চার বছর বয়সী শিশু ফাহিমা আক্তারকে ধর্ষণচেষ্টার পর শ্বাসরোধে হত্যা করা হয়।

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)-এর তথ্যমতে গত ১৬ মাসে দেশে অন্তত ৫৮০ শিশু ধর্ষণের শিকার হয়েছে এবং হত্যা করা হয়েছে ৪৮৩ জনকে। একই সময়ে আরও অন্তত ৩১৮ জন যৌন নিপীড়নের শিকার হয়েছেন। গণমাধ্যমের তথ্যমতে ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত দেশে অন্তত ১ হাজার ৮৯০ জন শিশু ও কিশোরী নির্যাতনের শিকার হয়েছে।

নেতৃবৃন্দ আরও বলেন, বর্তমান সরকার অর্থনৈতিক-রাজনৈতিক, সাংস্কৃতিক-সামাজিক তথা সামগ্রিক সংকট দূর করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সংকট যেখানে ছিল সেই তিমিরেই রয়ে যায়। নারী নির্যাতন, নারী ও শিশু ধর্ষণ, নারী পাচার, খুন, সাইবার বুলিং, ইভটিজিং ইত্যাদি ঘটনা না কমে তা বেড়েই চলছে।

বিবৃতিতে অবিলম্বে সকল শিশু হত্যা ও ধর্ষণের ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। একইসঙ্গে নারী ও শিশু নির্যাতন দমন আইনের যথাযথ, ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা, বিনামূল্যে আইনি সহায়তা, ক্ষতিপূরণ, চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।