হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ওসিসহ আহত অর্ধশত

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, মে ২২, ২০২৬

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ওসিসহ আহত অর্ধশত

হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী ও শরীফপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে সুলতানশী গ্রামের ফারুক মিয়ার ছেলে ও শরীফপুর গ্রামের ফারুক মিয়ার মেয়ের মধ্যে ঝগড়া হয়। পরে বিষয়টি নিয়ে দুই পরিবারের অভিভাবকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা দুই গ্রামের লোকজনের সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশের সদস্যরাও আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক, সেকেন্ড অফিসার ধ্রুবেশ চক্রবর্তী ও এসআই সোহেল মাহমুদ।

এছাড়া গুরুতর আহত দুলাল, মকসুদ আলী, ইমরান মিয়া, কিসমত আলী, রিপন মিয়া, ফয়েজ মিয়া, আমির আলী, সাব্বির মিয়া, রোকন মিয়া, জাহির মিয়া ও মোয়াজসহ অন্তত ২০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

ওসি জাহিদুল হক জানান, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।