ছাতকে রশিটান খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪

প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, মে ১০, ২০২৬

ছাতকে রশিটান খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪

সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউপির হাসনাবাদ বাজার সংলগ্ন মাঠে আয়োজিত রশিটান খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৪ জন আহত হয়েছেন। গুরুতর আহত ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শনিবার (৯ মে) রাত প্রায় ১০টার দিকে ব্যাটারি গল্লি ছাতক ও সবুজ বাংলা-১ লোহারগাঁও, জগন্নাথপুর দলের মধ্যকার খেলা শেষে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, খেলায় সবুজ বাংলা-১ দল বিজয়ী হওয়ার পর তাদের কয়েকজন খেলোয়াড় পরাজিত দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে উস্কানিমূলক ইঙ্গিত ও মন্তব্য করেন। এ নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে আয়োজক কমিটির লোকজন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে ব্যাটারি গল্লি দলের কিছু সমর্থক তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ক‌রেন। এতে মাঠজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও গুরুতর আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এব‌্যাপা‌রে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।