সিলেটে ৫০ লাখ টাকার ডাকাতির ঘটনায় গ্রেফতার ৯

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, মে ৯, ২০২৬

সিলেটে ৫০ লাখ টাকার ডাকাতির ঘটনায় গ্রেফতার ৯

সিলেটের মোগলাবাজার এলাকায় টাকাবাহী গাড়ি থেকে ৫০ লাখ ৭০ হাজার টাকা ডাকাতির ঘটনায় এজাহারভুক্ত সন্দেহভাজন ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৮ মে) এ ঘটনায় মোগলাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে দক্ষিণ সুরমা থানার ভার্থখলা ডিস্ট্রিবিউশন অফিস থেকে কোম্পানির সুপারভাইজার শাহেদ আহমদ (৪২), ড্রাইভার কামাল হোসেন (৩৫), ডিএসও আদনান (৩৮), আবু তাহের (২৬) ও রুপায়ন বিশ্বাস (৪০) একটি প্রাইভেটকারযোগে ফেঞ্চুগঞ্জ এলাকায় বিভিন্ন বিকাশ এজেন্টের কাছে টাকা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। গাড়িটিতে ৭টি ব্যাগে মোট ৮১ লাখ ২০ হাজার টাকা ছিল।

সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে মোগলাবাজার থানার লালমাটিয়া এলাকায় পৌঁছালে তিন আরোহীর একটি মোটরসাইকেল গাড়িটিকে থামার সংকেত দেয়। এ সময় গাড়ির গতি কমালে মোটরসাইকেল আরোহীরা গাড়ি থামিয়ে ভয়ভীতি ও মারধরের মাধ্যমে ৫টি ব্যাগে থাকা ৫০ লাখ ৭০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

পুলিশের দাবি, গাড়িতে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিরা ঝুঁকির বিষয়টি জানার পরও গাড়ির গতি কমিয়ে ডাকাতির সুযোগ সৃষ্টি করেন। এছাড়া টাকাবাহী গাড়ির নিরাপত্তায় নিয়োজিত স্কর্ট সদস্য রোমান আহমদ (৪৪), সালমান আহমদ (২৮), গোলাম শহীদ (২৯) ও জুনায়েদ (২২) ঘটনার সময় গাড়ির সঙ্গে উপস্থিত ছিলেন না, যা সন্দেহের সৃষ্টি করেছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, অজ্ঞাত ডাকাতদের সঙ্গে যোগসাজশ করে টাকাবাহী গাড়ির গতিবিধি সম্পর্কে আগাম তথ্য সরবরাহের মাধ্যমে তারা ডাকাতির ঘটনায় জড়িত থাকতে পারেন। এ সন্দেহে মোগলাবাজার থানা পুলিশ ৯ জনকে আটক করে।

এ তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জাজান,এ ঘটনায় মোগলাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার কৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট