৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, মে ৮, ২০২৬
সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকা থেকে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের ৫০ লক্ষাধিক টাকা ছিনতাই হয়েছে।
শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে মোগলাবাজার থানাধীন পারাইরচক এলাকায় প্রাইভেট কার আটকিয়ে ও ভাংচুর করে এসব টাকা ছিনতাই করা হয়েছে। এই ঘটনায় মোগলাবাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
শুক্রবার রাতে এর সত্যতা নিশ্চিত করে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, আমি দেশের শীর্ষস্থানীয় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ-এর বিভাগীয় ডিষ্ট্রিবিউটরের দায়িত্বে রয়েছি। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় বিকাশের কর্মকর্তাবৃন্দ ফেঞ্চুগঞ্জসহ সেই এলাকার ব্যবসায়ীদের দিতে ৫০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে প্রাইভেট কার যোগে রওয়ানা দেন। তাদের বহনকারী কারটি পারাইরচক এলাকায় পৌঁছামাত্র একদল ছিনতাইকারী মোটরসাইকেল যোগে এসে গাড়ীর গতিরোধ করে হামলা ও ভাংচুর শুরু করে। তারা অস্ত্রের ভয় দেখিয়ে এসব টাকা ছিনিয়ে নেয়। এই ঘটনায় শুক্রবার বিকেলে মোগলাবাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, টাকা ছিনতাইয়ের ঘটনায় একটি অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগ যাছাই বাছাই চলছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে সিলেট নগরে বেশকয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার নগরের মিরের ময়দান এলাকায় র্যাব পরিচয়ে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষিকার স্বর্ণের চেইন নিয়ে যায় ছিনতাইকারীরা। একইদিনে দক্ষিণ সুরমার চান্দাই পশ্চিমপাড়া পিরবাড়ি এলাকায় এক নারী ও তার শিশুসন্তানকে ছুরি ধরে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D