৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, মে ৭, ২০২৬
সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর বার্ষিক ৭০৭তম ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে মাজারের গিলাফ পরিবর্তনের মধ্য দিয়ে। বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকেই মাজার এলাকায় ভক্ত-অনুরাগীদের ঢল নেমেছে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা আশেকানরা দলে দলে মাজারে গিলাফ, শিরনি ও নানা উপঢৌকন নিয়ে উপস্থিত হচ্ছেন।
সকাল থেকে মাজার এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। ভক্তদের কণ্ঠে বারবার উচ্চারিত হচ্ছে ‘লালে লাল, বাবা শাহজালাল’ স্লোগান। মাজার প্রাঙ্গণ, আশপাশের সড়ক ও প্রবেশপথজুড়ে মানুষের ভিড় বাড়তে দেখা গেছে।
মাজার সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে প্রথমে শাহজালাল মাজার কর্তৃপক্ষের পক্ষ থেকে গিলাফ পরিবর্তন করা হয়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকেও গিলাফ প্রদান করা হয়েছে। এরপর ভক্ত-আশেকানরা পর্যায়ক্রমে গিলাফ চড়াচ্ছেন। সন্ধ্যা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
ওরস উপলক্ষে মাজার এলাকায় জিকির, কোরআনখানি ও বিভিন্ন ধর্মীয় আয়োজন চলছে। এদিকে ভক্তদের দেওয়া দানকৃত শতাধিক গরু ও খাসি জবাই করে শিরনি প্রস্তুতের কাজও শুরু হয়েছে। শুক্রবার ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই ওরসের সমাপ্তি হবে। পরে শিরনি বিতরণ করা হবে।
ওরসকে কেন্দ্র করে মাজার এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করছেন। মেডিকেল টিম, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের সদস্যদেরও প্রস্তুত রাখা হয়েছে।
শান্তিপূর্ণভাবে ওরস সম্পন্ন করতে প্রশাসন ও মাজার কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রশাসন শান্তিপূর্ণ-সুশৃঙ্খলভাবে মাজারের পবিত্রতা রক্ষা করে ওরস সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে সিলেটের সকল দলমত মানুষের সাথে মতবিনিময় করেছেন।
এদিকে, ওরস উপলক্ষ্যে মাজার কর্তৃপক্ষের কাছে শতাধিক গরু ও খাসি দান হিসেবে এসেছে। এগুলো আজ জবাই করে শিরনি করা হবে।
উদ্বোধনের পর ধারাবাহিকভাবে খতমে সফিনা, কোরআনখানি ও জিকির চলবে।
পরে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আখেরি মোনাজাত শেষে শিরনি বিতরণের মধ্য দিয়ে দুই দিনব্যাপী ওরসের সমাপ্তি হবে। মোনাজাত পরিচালনা করবেন দরগাহ মাজার মসজিদের মোতোয়ালি ফতেউল্লাহ আল আমান।
ওরস উপলক্ষ্যে গত সোমবার (৪ মে) বিকালে মাজার পরিদর্শন ও আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রেস ব্রিফিং করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম- সেবা)।
এসময় তিনি সাংবাদিকদের তিনি বলেন- পবিত্র ওরস যেন সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সম্পন্ন করা হয়। এ বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক ও সচেতন থাকতে হবে। ইসলামবিরোধী কোনো কার্যকলাপ যেন না ঘটে, সে বিষয়েও সকলকে সজাগ থাকতে হবে।
ওরস সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
কমিশনার সবাইকে আশ্বস্ত করে বলেন- আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে অনুষ্ঠানটি নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে পারে। চুরি ও ছিনতাই প্রতিরোধে সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি আপনারা সকলে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকবেন।
উল্লেখ্য, হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে বার্ষিক ওরস উপলক্ষে গিলাফ ছড়ানোর এই আয়োজন একটি দীর্ঘদিনের ঐতিহ্য। প্রতি বছর জিলকদ মাসের ১৯ ও ২০ তারিখে অনুষ্ঠিত ওরসের সূচনালগ্নে গিলাফ ছড়ানোর মাধ্যমে মূল কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D