মৌলভীবাজারে ১ কোটি ১৬ লাখ ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ, আটক ১

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, মে ৩, ২০২৬

মৌলভীবাজারে ১ কোটি ১৬ লাখ ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ, আটক ১

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অভিযান চালিয়ে ১৯২ বস্তা ভারতীয় জিরা ও একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় আবুল হোসেন (৫১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শনিবার (২ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সমনবাগ এলাকায় বিয়ানীবাজার ৫২-বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে ট্রাক থেকে মোট ৫ হাজার ৭৬০ কেজি ওজনের ১৯২ বস্তা জিরা জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকা।

আটক আবুল হোসেন বড়লেখা উপজেলার আরিঙ্গাবাজার দক্ষিণ এলাকার মৃত আলফাজ আলীর ছেলে বলে জানা গেছে।

বিয়ানীবাজার ৫২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত জিরা, ট্রাক এবং আটক ব্যক্তিকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট