সিলেট সীমান্তে চোরাকারবারিদের হামলায় বিজিবির ২ সদস্য আহত

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৬

সিলেট সীমান্তে চোরাকারবারিদের হামলায় বিজিবির ২ সদস্য আহত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে চোরাকারবারিদের হামলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্য আহত হয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) রাতের এ ঘটনায় দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সিলেট ৪৮ ব্যাটালিয়নের বিছনাকান্দি বিওপির নায়েব সুবেদার ইনয়ামুল হক বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলাটি করেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, বিজিবির একটি টহল দল বিছনাকান্দি সীমান্তের জলপুরী এলাকায় দায়িত্ব পালন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে তারা মরকিটিলা নামক স্থানে অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা ভারত থেকে আনা জিরা ও নাসির বিড়ি নিয়ে অবস্থান করছিল।

বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৩০ বস্তা ভারতীয় জিরা ও ১০ বস্তা নাসির বিড়ি জব্দ করা হয়।

তবে রাত প্রায় ৩টার দিকে দুলাল মিয়া ও হেলালের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল অতর্কিতভাবে বিজিবি সদস্যদের ওপর পাথর নিক্ষেপ করে। এতে ল্যান্স নায়েক মো. শাহাদাত হোসেন ও ল্যান্স নায়েক রিমন হোসেন আহত হন।

পরিস্থিতি বেগতিক দেখে বিজিবি সদস্যরা কিছুটা পিছু হটলে হামলাকারীরা জব্দকৃত মালামালের একটি বড় অংশ ছিনিয়ে নেয়। পরে বিজিবি সদস্যরা ধাওয়া দিলে অভিযুক্তরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৫ বস্তা জিরা ও ১ বস্তা নাসির বিড়ি উদ্ধার করা সম্ভব হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার (তদন্ত) কর্মকর্তা কবীর হোসেন জানান, হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।