ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সেতু দিয়ে ৩ দিন বন্ধ থাকবে যান চলাচল

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৬

ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সেতু দিয়ে ৩ দিন বন্ধ থাকবে যান চলাচল

জরুরি মেরামত কাজের জন্য আগামি শুক্রবার (২৪ এপ্রিল) থেকে তিনদিনের জন্য ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকবে। সেতু বন্ধ থাকাকালীন বিকল্প পথে যান চলাচলের জন্য আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সুনামগঞ্জের ডেপুটি কমিশনার (ডিসি) মোহাম্মদ মিনহাজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের (এন-২) ১৮৬তম কিলোমিটারে কুশিয়ারা নদীর ওপর অবস্থিত শেরপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্ল্যাব মেরামতের কাজ আগামী ২৪ এপ্রিল সকাল ৮টা থেকে ২৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত চলমান থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ এপ্রিল (শুক্রবার) সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত একলেনে যান চলাচল করবে। রাত ১১টা থেকে ২৫ এপ্রিল (শনিবার) সকাল ৯টা পর্যন্ত সেতুর ওপর দিয়ে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়া ২৫ এপ্রিল সকাল ৯টা থেকে ২৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সেতুর এক লেনে সীমিতভাবে যান চলাচল করবে। মেরামত কাজ শেষে ২৬ এপ্রিল রোববার সকাল ৮টার পর সেতুটি পুনরায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

এদিকে সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকাকালীন বিকল্প পথ ব্যবহারের আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। মহাসড়কে চলাচলকারী শায়েস্তাগঞ্জ–শেরপুর–সিলেট রুটের যানবাহনের জন্য শায়েস্তাগঞ্জ–মিরপুর (বাহুবল)–শ্রীমঙ্গল–মৌলভীবাজার–ফেঞ্চুগঞ্জ–সিলেট সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।

এছাড়া শেরপুর (মৌলভীবাজার)–সিলেট রুটের যানবাহনের জন্য মৌলভীবাজার–ফেঞ্চুগঞ্জ–সিলেট সড়ক এবং ঢাকা–সিলেট–সুনামগঞ্জ রুটের যানবাহনের জন্য নবীগঞ্জের সৈয়দপুর বাজার–রানীগঞ্জ–জগন্নাথপুর–সুনামগঞ্জ সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট