২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬-২০২৮ কার্যকালের জন্য তৃতীয়বারের মতো আমির নির্বাচিত হয়েছেন দলের বর্তমান আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে তাঁর আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দলটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন কার্যকালের সূচনায় কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদ ও নির্বাহী পরিষদের সদস্যদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে শপথ নেবেন ডা. শফিকুর রহমান।
এর আগে গত ২ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে তৃতীয় মেয়াদে তার নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জামায়াত।
দলটির ইতিহাসে এর আগে টানা তিনবার আমিরের দায়িত্ব পালন করেছেন কেবল অধ্যাপক গোলাম আযম এবং মাওলানা মতিউর রহমান নিজামী।
জামায়াতের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম ১ নভেম্বর রাতে আমির নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। নির্বাচন কমিশন জানায়, গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের রুকনদের কাছ থেকে গোপন ব্যালটে ভোটগ্রহণ হয়। ভোট গণনা শেষে সর্বোচ্চ ভোট পেয়ে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য আবারও আমির নির্বাচিত হন শফিকুর রহমান।
গঠনতন্ত্র অনুযায়ী, জামায়াতে ইসলামীর জাতীয় কাউন্সিলের সদস্যরা সরাসরি গোপন ভোটে তিন বছরের জন্য আমির নির্বাচন করেন। নির্বাচিত আমিরকে কেন্দ্রীয় নেতৃত্বের সামনে প্রধান নির্বাচন কমিশনারের কাছে শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্বপ্রাপ্তি সম্পন্ন করতে হয়।
ডা. শফিকুর রহমানের জন্ম ১৯৫৮ সালের ৩১ অক্টোবর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে। তিনি ১৯৭৪ সালে বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৭৬ সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি এবং ১৯৮৩ সালে সিলেট মেডিক্যাল কলেজ (বর্তমান এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ) থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
শিক্ষাজীবন শেষে চিকিত্সা পেশায় যুক্ত হওয়ার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় হন তিনি।
রাজনীতির শুরুতে তিনি জাসদ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ১৯৭৭ সালে ইসলামী ছাত্রশিবিরে যোগ দিয়ে সিলেট মেডিক্যাল কলেজ শাখা ও সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন এবং ধীরে ধীরে সিলেট শহর, জেলা ও মহানগর আমিরের দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে ডা. শফিকুর রহমান জামায়াতের সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D