সিলেটের ডিসি সারওয়ার আলমকে আদালতের শোকজ

প্রকাশিত: ৯:৪২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৫

সিলেটের ডিসি সারওয়ার আলমকে আদালতের শোকজ

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে শোকজ (কারণ দর্শানো) করেছেন আদালত। নগরীর একটি ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (এসকেআইএসসি)-এর শিক্ষক বহিষ্কার সংক্রান্ত এক মামলায় তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আদালত।

গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিলেটের সিনিয়র সহকারী জজ আদালত এ আদেশ দেন। ১৫ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে জেলা প্রশাসককে।

আদালত সূত্রে জানা গেছে, খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের দুইজন শিক্ষক এবং ভাইস প্রিন্সিপালকে বহিষ্কার করা হয় সম্প্রতি। এ বহিষ্কারের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে একটি রিট দায়ের করেন প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষিকা আবেদা হক। ওই রিটে বলা হয়, প্রশাসনিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে শিক্ষক বহিষ্কারের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে।

রিটের পরিপ্রেক্ষিতে আদালত মনে করেন, জেলা প্রশাসকের ভূমিকা প্রশ্নবিদ্ধ, এবং তাঁর বিরুদ্ধে আদালতের নির্দেশনা লঙ্ঘনের প্রাথমিক আলামত রয়েছে। এজন্য তাঁকে কারণ দর্শাতে বলা হয়—কেন তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না।

রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসক মো. সারওয়ার আলম গণমাধ্যমকে জানান, “আদালতের কোনো নোটিশ এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি। হাতে পেলে যথাযথভাবে জবাব দেওয়া হবে।”

শিক্ষিকা আবেদা হকের পক্ষে মামলাটি পরিচালনা করছেন আইনজীবী ইরশাদুল হক। তিনি বলেন, “আদালত ন্যায়বিচারের স্বার্থে জেলা প্রশাসককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। আমরা চাই, বিষয়টি সুষ্ঠু তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিষ্পত্তি হোক।”


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট