ওসমানীনগরের শিপন হত্যায় একজনের যাবজ্জীবন

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৫

ওসমানীনগরের শিপন হত্যায় একজনের যাবজ্জীবন

সিলেটের ওসমানীনগরের আলোচিত শিপন হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার ৬৩ পৃষ্টার এ রায় ঘোষণা করেন।

মামলার রায়ে জয়নুল হক ধন মিয়া (৫০) নামের এক আসামীকে যাবজ্জীবন দণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আরও ৮ আসামীর প্রত্যেককে ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ধন মিয়া ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ঈশাগ্রাই গ্রামের মৃত দরস উল্লাহর পুত্র। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। খুন হওয়া শিপন মিয়া একই গ্রামের আশিক মিয়ার পুত্র।

৬ মাসের কারাদণ্ড হওয়া আসামীরা হলেন- ঈশাগ্রাই গ্রামের সাদিক মিয়া, মোস্তফা মিয়া, ফরিদ মিয়া, আলা মিয়া, সেলিম মিয়া, হেলিম মিয়া, সাজ্জাদ মিয়া ও মানিক মিয়া। তারা উচ্চ আদালতে আপিলের শর্তে জামিন পেয়েছেন।

মামলার বাদীপক্ষের আইনজীবি এডভোকেট দেবাশীষ পুরকায়স্থ এ তথ্যগুলো নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০২০ সালের ৬ মে সিলেটের ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ঈশাগ্রাই গ্রামে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত হন শিপন। এ ঘটনায় শিপনের বড়ভাই রিপন মিয়া বাদী হয়ে ২৭ জনকে আসামী করে ওসমানীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর- ৪৩/২০২০ ইং।

ওসমানীনগর থানার তৎকালীন এসআই স্বাধীন চন্দ্র তালুকদার তদন্ত সাপেক্ষে আরও ১ জনকে আসামী হিসেবে যুক্ত করেন। পরে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়। যার নম্বর- ৬১২/২২ ইং।

উল্লেখ্য, মামলাটিতে মোট আসামী ছিলেন ২৮ জন। তার মধ্যে ১ জনকে যাবজ্জীবন কারাদন্ড, ৮ জনকে ছয়মাসের কারাদন্ড ও বাকী ১৯ জন আসামীকে খালাস প্রদান করেছেন আদালত।

এদিকে, এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহত শিপনের পরিবার। মামলার বাদী শিপনের ভাই রিপন জানান, আমরা আশা করেছিলাম অন্তত আমার ভাইয়ের হত্যাকারী ধন মিয়ার ফাঁসির রায় হবে। কিন্তু মাননীয় বিচারিক আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন। প্রেস বিজ্ঞপ্তি


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট