৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৫
হবিগঞ্জের আজমিরীগঞ্জে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার শিবপাশা ইউনিয়নের যশকেশরী গ্রামের মাসুক মিয়া ও মুফাচ্ছির মিয়া গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় ১০-১২ দিন আগে মুফাচ্ছির মিয়া গোষ্ঠীর আলকাছ মিয়ার ছেলে রাবেল মিয়া (১২) একই এলাকার মাসুক মিয়া গোষ্ঠীর নবী মিয়ার ছেলে নাইমের (১৩) কাছে একটি খেলনার ব্যাটারি বিক্রি করে ৪০ টাকায়। কিন্তু, পাওনা ওই টাকা না পেয়ে নাইমের সঙ্গে ঝগড়া করে রাবেল। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে স্থানীয়রা সালিশের উদ্যোগ নিলেও বৃহস্পতিবার সকালে আবারও দুই শিশুর বাবার মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নবী মিয়াকে মারধর করা হলে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতরা পার্শ্ববর্তী বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে, তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, শিশুদের ৪০ টাকা পাওনা নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D