১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৭
নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিতে সম্ভাব্য সদস্যদের নাম দেখে ক্ষোভ প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামা আলমগীর বলেছেন, এই সার্চ কমিটি কী কমিশন উপহার দেবে তা সহজেই বোঝা যাচ্ছে।
বুধবার ঢাকা রির্পোটার্স ইউনিটিতে লেবার পার্টির এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এই সার্চ কমিটি হয়েছে আওয়ামী লীগ সরকারের পছন্দের ব্যক্তিদের নিয়ে, কারণ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক শিরীন আকতারকে সরকারই নিয়োগ দিয়েছে।
মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতি আলোচনা শুরুর পরে একটি আশার আলো দেখা দিয়েছিল। কিন্তু সেই আশা হতাশায় পরিণত হয়েছে, চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।
তিনি বলেন, নিরপেক্ষতার চরম যে নির্দশন, মহামান্য রাষ্ট্রপতি আমাদেরকে সেটা দিয়েছেন। আমরা শুধু হতাশ হইনি, আমরা ক্ষুব্ধ হয়েছি। এই সার্চ কমিটি কী ধরনের নির্বাচন কমিশন গঠন করবেন, তা এখনই বুঝতে পারছি।
ফখরুল বলেন, আমরা বলতে চাই, রাজনৈতিক সংকট নিরসন যদি না করা যায়, তাহলে মানুষকে প্রতারণা করে, বোকা বানিয়ে এই ধরনের সার্চ কমিটি করে, যে সার্চ কমিটি গঠনের সঙ্গে জনগণের আশা-আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন নেই, সেখানে এটা কোনো দিন তার কাজ করতে সক্ষম হবে না।
বুধবার সকালে নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি করেন রাষ্ট্রপতি। নিয়ম অনুযায়ী সার্চ কমিটির সদস্যদের দেয়া নামগুলো থেকে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য কমিশনারদের নিয়োগ দেবেন।
মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে জানিয়েছেন, আজ অথবা কালের মধ্যেই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে পারে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ বিভাগের দুটি সূত্র জানিয়েছে, সার্চ কমিটির বাকি পাঁচজন হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক শিরীন আকতার।
‘বহুদলীয় গণতন্ত্র-শহীদ জিয়া-আজকের প্রেক্ষাপট’ শীর্ষক এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান।
দলের মহাসচিব হামদুল্লাহ আল মেহেদির পরিচালনায় অন্যদের মধ্যে বিএনাপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির ফারুক রহমান, শামসুদ্দিন পারভেজ, রামকৃষ্ণ সাহা, মাহমুদ খান, অধ্যাপক মহসিন মিয়া বক্তব্য দেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D