ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে নিরপেক্ষ সার্চ কমিটির প্রত্যাশা বিএনপির

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৭

ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে নিরপেক্ষ সার্চ কমিটির প্রত্যাশা বিএনপির

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি নিরপেক্ষ সার্চ কমিটি গঠন করে জনগণের প্রত্যাশা পূরণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের হলরুমে জিয়া পরিষদের প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য বেগম খালেদা জিয়া একটি ১৩ দফা প্রস্তাবনা দিয়েছেন, কি করে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ করা যায়। বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি এ প্রস্তাবনা দেন। প্রস্তাবনার পরদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসি গঠনে খালেদা জিয়ার এ প্রস্তাবনাকে অন্তর্সার শূন্য বলে অবহিত করেন। অর্থমন্ত্রীর ভাষায় বোগাস।

কিন্তু রাষ্ট্রপতি এটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তিনি মনে করেছেন, খালেদা জিয়ার প্রস্তাবনা দিয়ে অত্যন্ত জরুরি কাজ করেছেন। রাষ্ট্রপতি বলেছেন যে, আপনারা (বিএনপি) নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে যা দিয়েছেন, সেটা সময় উপযোগী আমি মনে করি এর মধ্যে অনেক ভালো জিনিস আছে যাকে গ্রহণ করতে পারি এবং সেটাকে ভিত্তি করে শুরু করতে পারি।

ফখরুল বলেন, এই সরকার ইতিমধ্যে বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্রের যে কাঠামো তা ধ্বংস করে দিয়েছে। কোনো কিছুই বাকি রাখে নাই। তারা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্ম্পূণভাবে দলীয় করণ করেছে। বিচার বিভাগকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং গণমাধ্যমের ওপর প্রচণ্ড নিয়ন্ত্রণের চেষ্টা করেছে বলেই তাদের খুশি মতো গণমাধ্যমকে চলতে হয়। সত্যকথা প্রকাশ করতে পারে না।

তিনি আরো বলেন, অনেকে জিয়াউর রহমানকে অখ্যাত বলে থাকেন আসলে তিনি অখ্যাত ছিলেন বলেই ১৬ কোটি মানুষের কাছে খ্যাত হয়ে আছেন। তাই যেখানে আওয়ামী লীগ ও তার নেতৃত্ব ব্যর্থ সেখানেই জিয়াউর রহমান সফল। আওয়ামী লীগ বিশেষ করে শেখ হাসিনার একটিই লক্ষ্যে আর তা হলো জিয়াউর রহমানের নাম মুছে ফেলা। যা কখনো মুছে ফেলা সম্ভব নয়।

জিয়া পরিষদের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবির মুরাদের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু , কেন্দ্রীয় জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার সভাপতি প্রকৌশলী আশফাক আহমদ, জিয়া পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি শাবিপ্রবির অধ্যাপক ড. মোজাম্মেল হক, সিলেট জেলার সিনিয়র সহ-সভাপতি সৈয়দ রেজাউল করিম আলো,  মহানগর জিয়া পরিষদের প্রচার সম্পাদক সাহেদ আহমদ’সহ নেতৃবৃন্দ।