গোলাগঞ্জে পরাজিত পক্ষের হামলায় আহত রেফারির মৃত্যু

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২২

গোলাগঞ্জে পরাজিত পক্ষের হামলায় আহত রেফারির মৃত্যু

অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন সিলেটের গোলাপগঞ্জে ফুটবল খেলায় কথাকাটাকাটির জেরে পরাজিত পক্ষের হামলায় গুরতর আহত আবু সুফিয়ান (২৭)। দীর্ঘ ২ মাস পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বুধবার (২৭ এপ্রিল) সকালে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। তিনি ওই দিন খেলায় রেফারির দায়িত্ব পালন করেছিলেন।

নিহত আবু সুফিয়ান পৌর এলাকার রণকেলী নয়াগ্রামের তছন আলীর ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম।

জানা যায়, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে উপজেলার পৌর এলাকার রণকেলী রঙাইবিছরা নামক মাঠে ফুটবল খেলায় পরাজিত পক্ষ বিজয়ী পক্ষের উপর হামলা চালায়। এ সময় খেলা দেখতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তারিফুর রহমান (২৫) নামে এক যুবক গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই মৃত্যু বরণ করেন। এ ঘটনায় ৩জন গুরুতর আহত হন। প্রায় ২ মাস চিকিৎসাধীন থাকা অবস্থায় ঢাকার একটি হাসপাতালে বুধবার আবু সুফিয়ান মৃত্যু বরণ করেন।

এ দিকে এ ঘটনায় নিহত তারিফুর রহমানের বড় ভাই তাহমিদুর রহমান বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ সহ ৩/৪ জনকে অজ্ঞাত রেখে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা (১৫ (০২)২০২২) দায়ের করেন। মামলার পর পুলিশ চার জনকে গ্রেফতার করলেও ঘটনার সাথে জড়িত মূল আসামিরা এখনো পলাতক রয়েছে।