৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০২০
বিশ্বব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে করোনা ভাইরাস বা কোভিড-১৯। এরই মধ্যে সারা বিশ্বে হাওয়া লেগেছে ঋতু পরিবর্তনের। ধীরে ধীরে বাড়ছে তাপদাহ।
সংকটপূর্ণ এই সময়ে নোভেল করোনা ভাইরাস নিয়ে নানা তথ্য ঘুরে বেড়াচ্ছে অনলাইন দুনিয়ায়। এর মধ্যে একটি হলো উষ্ণ আবহাওয়া কী করোনার প্রাদুর্ভাব কমাতে পারে? কী বলছেন বিশেষজ্ঞ ও গবেষকরা?
ইনফ্লুয়েঞ্জার মতো প্রাণঘাতী এই ভাইরাস কোনো মৌসুমি সংক্রমণের ধাঁচ অনুসরণ করে কি না তা অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছেন বিশেষজ্ঞরা। তবে তার মাত্রা খুব সামান্য হতে পারে বলেও সতর্ক করেছেন তারা।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম গার্ডিয়ান নিজেদের এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটিতে ঠাণ্ডার উপসর্গ দেখানো করোনা ভাইরাসের অন্য ধরনগুলো নিয়ে প্রাথমিক গবেষণায় ঋতু বদলের সঙ্গে সংক্রমণ বাড়া-কমার সম্পর্ক খুঁজে পাওয়া গেছে।
এ দিকে, গবেষকরা বলছেন, শীতে বাড়লেও বসন্তে আর থাকে না এই ভাইরাস। তবে কিছু ভাইরাস আছে যেগুলো গরমেও সংক্রমিত হয় বলেই মনে হয়।
এইচসিওভি-এনএল৬৩, এইচসিওভি-ওসি৪৩, এইচসিওভি-২২৯ই নিয়ে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের বিজ্ঞানীদের একটি গবেষণা গত সপ্তাহে প্রকাশিত হয়েছে।
কয়েক বছর আগের নমুনা বিশ্লেষণ করে ওই গবেষণা বলছে, ফেব্রুয়ারি মাসে করোনা ভাইরাসের সংক্রমণের হার অনেক বেশি হলেও গ্রীষ্মে এই প্রকোপ কমে আসে।
করোনা ভাইরাসের বিস্তারের সঙ্গে উষ্ণ আবহাওয়ার সম্পর্ক ও কমা–বাড়া নিয়ে আরও কিছু গবেষণাতেও দাবি করা হয়েছে বলে জানাচ্ছে গার্ডিয়ান।
তবে এরপরও কিছুটা সতর্ক থাকাতেই হবে বলে জানিয়েছেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ওই গবেষণায় নেতৃত্ব দেওয়া রব অলড্রিজ।
তিনি বলেন, এই ভাইরাসের প্রকৃতি এখনও বিজ্ঞানীদের কাছে অজানা। তাই ঋতু বদলের কারণে এই প্রকোপ প্রভাবিত হবে কি না তা নিয়ে এখনই মন্তব্য করা যাচ্ছে না। তাই এখন স্বাস্থ্যবিধি মেনে চলাটাই জরুরি।
এ দিকে, রয়টার্স জানিয়েছে সাম্প্রতিক দিনগুলোতে দক্ষিণ-পূর্ব এশিয়ায় করোনা ভাইরাসের সংক্রমণ হঠাৎ ব্যাপক বেড়ে যাওয়ায় এই ভাইরাস গরমে কম ছড়ানোর তত্ত্ব নিয়ে এর মধ্যেই ব্যাপক সন্দেহ তৈরি হয়েছে। গরম অঞ্চলের অনেক দেশে তুলনামূলক সংক্রমণের ঘটনা বসন্তমুখী ইউরোপ ও আমেরিকার জন্য আশা জাগাচ্ছিল। কিন্তু সম্প্রতি ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, দক্ষিণ এশিয়ার দেশ ভারত এমনকি বাংলাদেশেও পরীক্ষার হার বাড়ার সঙ্গে সঙ্গে সংক্রমণের হারও বাড়ছে।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আগেই সতর্ক করে জানিয়েছিল, গরমে নোভেল করোনা ভাইরাস ছড়ানো কমতে পারে- এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ এখনো পাওয়া যায়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D