করোনা : ৫০ বাংলাদেশি আকাশে, নামবে রাতেই

প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২০

করোনা : ৫০ বাংলাদেশি আকাশে, নামবে রাতেই

প্রাণঘাতী করোনা ভাইরাসের ছোবলে দিশেহারা ইতালি। প্রতিদিনই ঘটছে প্রাণহানি, ব্যাপকভাবে বাড়ছে আক্রান্ত ব্যক্তির সংখ্যা। কেবল শুক্রবারই (১৩ মার্চ) মারা গেছেন ২৫০ জন। সব মিলিয়ে দেশটি যেন মৃত্যুপুরী। বিদেশিরা রীতিমতো প্রাণভয়ে পালাচ্ছেন, পাড়ি দিচ্ছেন নিজ দেশে। এমন অবস্থায় দেশটিতে নিজেদের নাগরিকদের একা ছেড়ে দিতে চাচ্ছে না শেখ হাসিনা সরকারও। তাই বাংলাদেশিদের ফিরতে দেওয়া হচ্ছে।

এরই মধ্যে শনিবার (১৪ মার্চ) সকালে ১৪২ বাংলাদেশি ইতালি থেকে ফিরেছেন। আরও ২০ বাংলাদেশি ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সূত্রে জানা গেছে, ৫০ জনের মতো রাতেই ঢাকায় ফিরবেন। যারা বর্তমানে দেশের পথে আকাশে রয়েছেন, তাদের বহন করা একটি ফ্লাইট ইতালি ত্যাগ করেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতালি থেকে এরই মধ্যে দেশে ফিরেছেন ১৪২ জন। রাতে আরও ৩০ থেকে ৫০ জন ফিরবেন। আবার রবিবার (১৫ মার্চ) আরও ফিরবেন ১৫০ জন। অথচ ইতালি বর্তমানে করোনা ভাইরাসে খুবই ঝুঁকিপূর্ণ। তাই এ মুহূর্তে এখান থেকে আসা এত মানুষকে অরক্ষিত অবস্থায় ছেড়ে দেওয়া যায় না। তাদের সবাইকে কোয়ারেন্টাইনে থাকতে হবে।

তিনি বলেন, আমরা এই সময় আক্রান্ত দেশগুলো থেকে লোকজনকে না ফেরার জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু তারা যেভাবে দেশে ফিরতে শুরু করেছেন, এতে করে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই আমরা তাদের বাড়িতে যেতে দিতে পারি না।

জাহিদ মালেক বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত দেশ থেকে ফেরা সবাইকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোয়ারেন্টাইনে ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে তারপর তাদের বাড়ি ফিরতে হবে। এরপর থেকে অন্যান্য আক্রান্ত দেশগুলো থেকে কোনো যাত্রী দেশে ফিরলে তাকেও বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করা হবে। প্রয়োজনে এ নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হবে।

মন্ত্রী বলেন, দেশে তিনজন করোনা ভাইরাস সংক্রমণের রোগী ছিলেন। তাদের সবাই এখন সুস্থ। একজন ইতোমধ্যেই বাড়িতে চলে গেছেন। অন্য দুইজনের নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। তারা অচিরেই সুস্থ অবস্থায় বাড়ি চলে যাবেন।

ইতালি থেকে আসা ১৪২ বাংলাদেশিকে বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তাদের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। পরে তাদের বিআরটিসি বাসে করে আশকোনা হজ ক্যাম্পে নেওয়া হয়। তবে, শনিবার বিকালে ইতালিফেরত ১৪২ জনের সবাইকে সরকারি ব্যবস্থাপনায় আশকোনা হজ ক্যাম্পে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত থেকে সরে আসে স্বাস্থ্য মন্ত্রণালয়। যারা ইতালি থেকে করোনামুক্ত সনদ নিয়ে এসেছে, তাদের যার যার বাড়িতে সরকারের কঠোর নজরদারির মাধ্যমে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।