করোনা ইস্যুতে সার্কের ভিডিও কনফারেন্সে যোগ দিচ্ছে বাংলাদেশ

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০২০

করোনা ইস্যুতে সার্কের ভিডিও কনফারেন্সে যোগ দিচ্ছে বাংলাদেশ

বিশ্বব্যাপী দ্রুত মহামারি রূপ ধারণ করা প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) এখন পর্যন্ত পাঁচ হাজারের অধিক লোকের প্রাণহানি ঘটেছে। এমন পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ায় ভাইরাসটির হুমকি মোকাবিলায় সার্কভুক্ত দেশগুলোর আয়োজিত ভিডিও কনফারেন্সে যোগ দিতে যাচ্ছে বাংলাদেশ।

শুক্রবার (১৩ মার্চ) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের সঙ্গে এক বৈঠকের পর এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এদিন সন্ধ্যায় আব্দুল মোমেনের বাসভবনে বৈঠক করেন রীভা গাঙ্গুলি দাশ। বিশেষ এই বৈঠকে ভারতীয় হাইকমিশনার করোনা ইস্যুতে সার্কভুক্ত দেশগুলোর নেতাদের ভিডিও কনফারেন্সে বসার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করা প্রস্তাব নিয়ে আলোচনা করেন।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, করোনা ভাইরাস সার্কভুক্ত সকল রাষ্ট্রের কাছে সমান চ্যালেঞ্জ। ভারতের উদ্যোগে ভিডিও কনফারেন্সে যোগ দিতে বাংলাদেশ ভীষণ আগ্রহী। এটা নিয়ে সরকারের কোনো আপত্তি নেই।

এ সময় সার্কের সব সদস্য রাষ্ট্র বিশেষ করে পাকিস্তান ও আফগানিস্তান কনফারেন্সটিতে অংশ নেবে বলেও প্রত্যাশা করেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।

এর আগে একই দিন করোনা ভাইরাস মোকাবিলায় সার্কভুক্ত সকল রাষ্ট্রের রাজনৈতিক নেতাদের প্রতি ভিডিও কনফারেন্সে বসার জন্য বিশেষ আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী। মূলত এর প্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের বাসভবনে আকস্মিক বৈঠকে বসেন।