প্রবাসীদের এ মুহূর্তে দেশে না ফেরার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০

প্রবাসীদের এ মুহূর্তে দেশে না ফেরার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

প্রবাসী বাংলাদেশিদের এখন দেশে না ফেরার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, বাংলাদেশি নাগরিক যারা বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন, করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির কারণে এই মুহূর্তে দেশে আসবেন না।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা (প্রবাসী) যে দেশে আছেন, এই মুহূর্তে সেখানেই থাকুন। পৃথিবীর সব দেশই করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আপনারা সেই নির্দেশনা মেনে চলার চেষ্টা করুন। বাংলাদেশি দূতাবাসগুলো আপনাদের জন্য ২৪ ঘণ্টা খোলা আছে, দরকার হলে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন।

ড. মোমেন বলেন, যারা বাইরে থাকেন, তাদের অনেকেই দেশে আসতে চান। কিন্তু যেসব দেশ করোনা ভাইরাসে আক্রান্ত, সেসব দেশ থেকে বাংলাদেশে আসার পরে অবশ্যই ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ সময়টাতে বাবা, মা, ভাই, বোন, আত্মীয় স্বজনসহ কারও সঙ্গেই দেখা করা যাবে না। তাই দেশে আসার আগে, এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আমি অনুরোধ করব, আপনারা যে যে দেশে আছেন, সেখানেই থাকুন।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো থেকে অনেক প্রবাসী ছুটি কাটাতে দেশে এসেছিলেন। কিন্তু করোনা ভাইরাসের কারণে ওই সব দেশের নিষেধাজ্ঞা থাকায় তারা কর্মস্থলে ফিরতে পারছেন না। এদের মধ্যে অনেকেরই ভিসার মেয়াদ শেষের পথে।

মন্ত্রী জানান, নিষেধাজ্ঞা উঠে গেলে তারা আবারও নিজেদের কর্মস্থলে ফিরতে পারবেন। তাদের ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন— প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ।