করোনো উপসর্গ পাওয়ায় সৌদি ফেরত দম্পতি হাসপাতালে

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০

করোনো উপসর্গ পাওয়ায় সৌদি ফেরত দম্পতি হাসপাতালে

প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ পাওয়ায় সৌদি আরব থেকে আসা এক দম্পতিকে বিমানবন্দর থেকেই সরাসরি হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে একটি এয়ারলাইনসযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন ওই দম্পতি। বিমানবন্দরে স্ক্যানার মেশিনে জ্বর ধরা পড়ায় সকালেই তাদের বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা শাহরিয়ার সাজ্জাদ বলেন, করোনা সন্দেহে ওই দম্পতিকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার (৯ মার্চ) ইতালি ও সিঙ্গাপুর ফেরত তিনজনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাসপাতালে পাঠানো হয়।

এ দিকে রবিবার (৮ মার্চ) বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত তিনজনকে শনাক্ত করার তথ্য জানান জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তাদের রাজধানীর একটি হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে দুজন ইতালি থেকে এসেছেন। তাদের বয়স ২০ থেকে ২৫ বছর। পরবর্তী সময়ে তাদের সংস্পর্শে এসেছেন এমন ৪০ জনকে কোয়ারেন্টাইনে নেওয়ার কথা জানান স্বাস্থ্য সচিব মোহাম্মদ আসাদুল ইসলাম।