করোনো নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই : আইইডিসিআর

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০

করোনো নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই : আইইডিসিআর

দেশে করোনা ভাইরাস শনাক্তকরণে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে এতে কারো আক্রান্ত হওয়ার লক্ষণ মেলেনি বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। মঙ্গলবার দুপুরে আইইডিসিআরে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য জানান।

ডা. ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় আমরা আরো ৭ জনের নমুনা পরীক্ষা করেছি। তাদের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাইনি। সব মিলিয়ে আমরা ১২৭ জনের নমুনা পরীক্ষা করেছি। এখন পর্যন্ত ৩ জনের শরীরেই করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

তিনি আরও জানান, আমরা বলতে পারি বাংলাদেশে কোনো করোনা ভাইরাসের উপস্থিতি নেই। তাই করোনা ভাইরাস (কভিড-১৯) নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ সময় কোয়ারেন্টিনে থাকা কারও পরিচয় প্রকাশ না করার আহ্বান জানিয়ে ডা. ফ্লোরা বলেন, চীন বা সিঙ্গাপুর থেকে আসলেই কাউকে আইসোলেশনে রাখার প্রয়োজন নেই বলে দেয়া বক্তব্যে বিভ্রান্ত হওয়া যাবে না।

দেশে আসা কোনো ব্যক্তি করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসছে কিনা বা তার আশেপাশে রোগির সংখ্যা কেমন ছিল সেসব বিষয় মাথায় রেখে কোয়ারেন্টিনে থাকতে হবে আইইডিসিআর এর পরামর্শ বা সিদ্ধান্ত অনুযায়ী।

তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা কমছে। চীনে ছুটি শেষে সবাই কর্মস্থলে ফিরলে আবার বৃদ্ধির আশঙ্কার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখন পর্যন্ত বিশ্বে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৭১ হাজার ৪২৯ জন। নতুনভাবে আক্রান্ত হয়েছেন দুই হাজার ১৬২ জন। এর মধ্যে দুই হাজার ৫১ জন শুধু চীনেই আক্রান্ত। আক্রান্ত রোগিদের মধ্যে বেশিরভাগ রোগির বয়স ২৯ থেকে ৭৯ বছরের মধ্যে। এখন পর্যন্ত শিশু আক্রান্তের হার কম। নতুন করে আক্রান্ত কোনো দেশ নেই বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।