৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০
শিক্ষা ও গবেষণার ওপর সর্বত্র গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশেষ করে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার ওপর বেশি গুরুত্ব দিয়েছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্ব স্ব বিভাগে যারা পুরস্কার হিসেবে স্বর্ণপদক পেয়েছে তাদের ২০৪১ সালের বাংলাদেশ গড়ার কারিগর বলেও উল্লেখ করেন তিনি।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বর্ণপদক প্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার মান উন্নয়নে আরও কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত- সে বিষয়ে তোমরা সুপারিশ করবে। শিক্ষার মানোন্নয়নে যা যা করা প্রয়োজন আমরা তাই করব। আমরা প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় করে সারাদেশে শিক্ষার প্রসার ঘটাতে চাই। আটটি বিভাগে আমরা মেডিকেল বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা গ্রহণ করেছি। এছাড়া জেলা পর্যায়েও আমরা বিশেষায়িত বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই।
বাংলাদেশের ছেলে-মেয়েরা অত্যন্ত মেধাবী হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তারা দেশ-বিদেশে তাদের মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। বিজ্ঞানভিত্তিক শিক্ষায় একসময় আমাদের ছেলে-মেয়েরা ভয় পেত কিন্তু এখন আর ভয় পায় না। বিজ্ঞানে তারা অনেক সাফল্য দেখাচ্ছে। আমরা ২১০০ সালের যে ডেল্টাপ্ল্যান গ্রহণ করেছি সে অনুযায়ী আমাদের ছেলে-মেয়েরা বাংলাদেশকে গড়ে তুলতে পারবে- এ বিশ্বাস আমার আছে।
তিনি আরও বলেন, আজ ছেলেদের চাইতে মেয়েরা বেশি স্বর্ণপদক পেয়েছে। ছেলেরা পিছিয়ে থাকবে কেন? আগামীতে ছেলেরা যেন কমপক্ষে সমান সমান হয় সে ব্যবস্থা করতে হবে। দুষ্টমি না করে ছেলেদের আরও পড়াশোনায় মনোযোগী হতে হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠিত এ স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চেীধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন।
প্রসঙ্গত, ২০১৭ সালে ১৬৩ জন শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করা হয়। দেশের বিশ্ববিদ্যালয়সমূহের কৃতী শিক্ষার্থীদের মেধা বিকাশ ও অধ্যয়নে উৎসাহ প্রদানের জন্য ইউজিসি ২০০৫ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রবর্তন করে। এবার দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ পেল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D