৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০
বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদার করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা)। এর আগে এস কে সিনহার বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ এনে মামলা করেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা।
সুরেন্দ্র কুমার সিনহা বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি মর্মে গত ৪ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক সৈযদ ইকবাল হোসেন আদালতে প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদনে অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়।
সম্প্রতি সেই প্রতিবেদন উপস্থাপন করা হলে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ সুরেন্দ্র কুমার সিনহাকে অভিযোগ থেকে অব্যাহতি দেন।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুদকের পরিদর্শক আমিনুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে দুইটি মামলা ছিল। যার মধ্যে ব্যারিস্টার নাজমুল হুদার করা মামলায় তাকে অভিযোগ থেকে অব্যাহতির সুপারিশ করেছিলেন তদন্ত কর্মকর্তা।
আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন। ৪ কোটি টাকা স্থানান্তর ও আত্মসাতের অভিযোগে দুদকের করা অপর মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের পর বিচার শুরুর প্রক্রিয়া চলছে।
ঘুষ চাওয়ার অভিযোগে ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর এসকে সিনহার বিরুদ্ধে ব্যারিস্টার নাজমুল হুদা বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন। আদালতের নির্দেশে এ মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।
তদন্ত শেষে দুদক জানায়, ব্যারিস্টার নাজমুল হুদা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন। প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যে বিষয়টি প্রমাণিত হয়েছে। তাই মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে দুদক আইনের ২৮(গ) (২) ধারায় একটি নিয়মিত মামলার অনুমোদন দিয়েছে কমিশন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D