সরকার ১১ বছরে ব্যাংক থেকে নিয়েছে ১৩ লাখ ২৭ হাজার কোটি টাকা

প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২০

সরকার ১১ বছরে ব্যাংক থেকে নিয়েছে ১৩ লাখ ২৭ হাজার কোটি টাকা

সরকার ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত প্রায় ১১ বছরে ব্যাংক থেকে ১৩ লাখ ২৭ হাজার ৬২৪ কোটি ৭৯ লাখ টাকা ঋণ নিয়েছে। এর মধ্যে ১১ লাখ ৩১ হাজার ৮৪০ কোটি ৮৮ লাখ টাকা পরিশোধও করেছে। এ সময়ের মধ্যে সরকারে নিট ঋণ ১ লাখ ৯৫ হাজার ৭৮৩ কোটি ৯১ লাখ টাকা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি মমতা হেনার প্রশ্নে এ তথ্য দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি জানান, এসব অর্থ বাংলাদেশ ব্যাংক ও তফসিলি ব্যাংক থেকে নেওয়া হয়েছে।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদে আজ সভাপতিত্ব করেন। অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।

মমতা হেনার অন্য একটি প্রশ্নে আ হ ম মুস্তফা কামাল বলেন, মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণ হিসেবে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত ১৪টি উন্নয়ন সহযোগী দেশ-সংস্থার সঙ্গে ২ হাজার ৬২১ কোটি ৫৯ লাখ টাকার ৩৪টি ঋণ ও অনুদান চুক্তি স্বাক্ষর হয়েছে। এর মধ্যে ১৪টি ঋণ চুক্তির সংশ্লেষ অর্থের পরিমাণ ২ হাজার ৪৫৩ কোটি ৩৫ লাখ টাকা এবং ২০টি অনুদান চুক্তির সংশ্লেষ অর্থের পরিমাণ ১৬৮ কোটি ২৪ লাখ টাকা।

বিএনপির এমপি হারুনুর রশীদের প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থ বছরের ডিসেম্বর পর্যন্ত বৈদেশিক ঋণ-সহায়তার পরিমাণ ২৩ হাজার ২৩ কোটি ৩২ লাখ টাকা।

বিএনপির এমপি মোশারফ হোসেনের প্রশ্নে মন্ত্রী জানান, ২০১৯ সালের সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী দেশে ঋণ হিসাব সংখ্যা ১ কোটি ৭ লাখ। পাশাপাশি ঋণের স্থিতি ৯ লাখ ৬৯ হাজার ৬৪৬ কোটি টাকা।

অর্থমন্ত্রী জানান, ব্যাংকিং খাতে ঋণ আদায়ের হার কম। প্রাইভেট সেক্টরেও ঋণের সরবরাহ কমে গেছে। তাই ব্যাংক ও অন্য আর্থিক প্রতিষ্ঠানও শেয়ারবাজারে কাঙ্ক্ষিত পর্যায়ে বিনিয়োগ করছে না। এতে কিছুটা তারল্য সংকট বিরাজ করছে।

সংরক্ষিত আসনের এমপি আদিবা আনজুমের প্রশ্নে তিনি আরও জানান, এখন ব্যক্তি পর্যায়ে করদাতার সংখ্যা ৪৫ লাখ ৬০ হাজার ৬৬৬।