বিদেশ যেতে ঘোষণা ছাড়াই ১০ হাজার ডলার নেয়া যাবে

প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০

বিদেশ যেতে ঘোষণা ছাড়াই ১০ হাজার ডলার নেয়া যাবে

বিদেশে যাওয়া-আসার ক্ষেত্রে নগদে বৈদেশিক মুদ্রা সাথে নেয়ার সীমা দ্বিগুন করলো বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনো প্রকার ঘোষণা ছাড়াই ১০ হাজার ডলার বা সমমূল্যের অন্য বিদেশি মুদ্রা সাথে রাখা যাবে। আগে এই সীমা ৫ হাজার ডলার ছিল।

এ বিষয়ে বৈদেশিক মুদ্রা নীতিমালা শিথিল করে সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে এক সার্কুলার জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অনেকেই বিদেশে গিয়ে কিছু কাজ করে থাকে। তারা আসার সময় ৫ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা আনতে পারতেন। আবার বিদেশে আনুষাঙ্গিক ব্যয়ও আগের তুলনায় বেড়ে গেছে। বিদেশে এ কারণে ৫ হাজার ডলারের অতিরিক্ত ব্যয় হয়। এ কারণেই নীতিমালা শিথিল করে নগদ ডলার সাথে নেয়ারসীমা দ্বিগুন করা হয়।

প্রসঙ্গত, গত আগস্টে ভ্রমণ কোটা বাড়িয়ে দ্বিগুণ করে কেন্দ্রীয় ব্যাংক। বিশ্বের যেকোন দেশে ব্যক্তিগত ভ্রমণের জন্য বছরে মাথাপিছু সর্বোচ্চ ১২ হাজার মার্কিন ডলার নির্ধারণ করা হয়। আগে সার্কভুক্ত দেশ ও মায়ানমারের জন্য এ সীমা ছিল ৫ হাজার ডলার এবং অন্যান্য দেশের জন্য ছিল ৭ হাজার ডলার ছিল। ভ্রমণ কোটার বাকী অর্থ ক্রেডিট কার্ডের মাধমে খরচ করতে যাবে।

এদিকে আমদানি ও রপ্তানীর সঙ্গে জড়িত ব্যবসায়ীরা বছরে আরো ১০ হাজার ডলার বিদেশ ভ্রমণে ব্যয় করতে পারেন। এর বাইওে তৈরী পোশাক খাতের রপ্তানিকারকেরা তাদের আয়ের ১৫ শতাংশ বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্টে রাখতে পারেন। এ অর্থ তারা বিদেশী ক্রেতাদের পেছনে ও অন্যান্য খাতে ব্যয় করে থাকেন। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতিমালায় অনুমোদন দেওয়া আছে।